হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ওয়াশরুমের কমোডের ট্যাংক থেকে ৪ দশমিক ২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের কাস্টমস হলের ১ নম্বর বেল্ট সংলগ্ন ওয়াশরুমে অভিযান চালানো হয়। এ সময় একটি হাই কমোডের ট্যাংকের ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় পলিথিনে মোড়ানো ডিমসদৃশ আটটি প্যাকেট উদ্ধার করা হয়।
বিভিন্ন গোয়েন্দা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে প্যাকেটগুলো খুলে প্রাথমিকভাবে ৪ দশমিক ২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট পাওয়া যায়। বর্তমানে নিবন্ধিত স্বর্ণকারের মাধ্যমে পেস্ট থেকে স্বর্ণ পৃথক করে এর প্রকৃত ওজন ও বিশুদ্ধতা নির্ধারণের কাজ চলছে। পরীক্ষণ শেষে উদ্ধার করা স্বর্ণের চূড়ান্ত পরিমাণ, বিশুদ্ধতা ও প্রকৃত মূল্য নির্ধারণ করা হবে।
