গ্রামীণ অর্থনীতি ডিজিটাল হলেই টেকসই উন্নয়ন: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন এবং অর্থনৈতিক মূল ধারায় তাদের সম্পৃক্ত করতে শক্তিশালী ইন্টারনেট, ‘এক নাগরিক, এক ওয়ালেট’ এবং গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে হবে। শক্তিশালী ডিজিটাল অবকাঠামো ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর বাস্তবায়নের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব।

শনিবার রাজধানীর একটি হোটেলে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার আয়োজিত ‘আর্থিক অন্তর্ভুক্তি ২.০’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।

ডিজিটাল ও আর্থিক অন্তর্ভুক্তিকরণকে একে অপরের পরিপূরক উল্লেখ করে অর্থমন্ত্রী জানিয়েছেন, ডিজিটাল অর্থনীতির গতি নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট সংযোগ অপরিহার্য। এটি ছাড়া ডিজিটাল অর্থব্যবস্থার সুফল পুরোপুরি অর্জন করা সম্ভব নয়। ড. হোসেন জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।