১৫ আগস্টের মধ্যে বিধিমালা চূড়ান্তের নির্দেশ

স্থানীয় সরকার নির্বাচন

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচন কমিশন সচিবালয়কে দ্রুত নির্বাচনী আচরণ বিধিমালা ও নির্বাচন বিধিমালা চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক নির্বাচন কমিশনার বিষয়টি নিশ্চিত করে জানান, সিইসি দ্রুত বিদ্যমান খসড়াগুলো চূড়ান্ত করার তাগিদ দিয়েছেন। ইসি কর্মকর্তাদের মতে, তফসিল ঘোষণার আগে আচরণ বিধি ও নির্বাচন বিধিমালা চূড়ান্ত করা অপরিহার্য। রোডম্যাপ অনুযায়ী, আগামী ১৫ আগস্টের মধ্যেই এসব বিধিমালা চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘নির্বাচনী আচরণ বিধিমালার খসড়া আমরা ওয়েবসাইটে প্রকাশ করে মতামত চেয়েছি। এ ছাড়া দলগুলোকে মতামত দেওয়ার জন্য চিঠি দিয়েছি। কয়েকটি দল মতামত জানিয়েছে। আমরা বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করে ফেলব। এ ছাড়া নির্বাচন বিধিমালা নিয়েও কাজ হচ্ছে। এটাও জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করা হতে পারে।’

ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী অক্টোবর থেকে ধারাবাহিকভাবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন সম্পন্ন করা হবে। এর আগে স্থানীয় সরকার নির্বাচন আগামী অক্টোবরে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা দিয়ে শুরু করা যৌক্তিক হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ভোটের ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করতে হবে। সে হিসেবে আমাদের প্রস্তুতি রাখতে হচ্ছে।