সিটি গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সময় মিডিয়া লিমিটেডের (সময় টিভি) বিজ্ঞাপন বিলের ৫ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার ২৮৩ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যান মো. হাসানসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান উভয় পক্ষের শুনানি শেষে নথিপত্র পর্যালোচনা করে এ আদেশ দেন।

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের বাদী হয়ে আদালতে এই নালিশি মামলাটি দায়ের করেছিলেন। সংশ্লিষ্ট আদালতের ওমেদার অঙ্কন মন্ডল বিষয়টি নিশ্চিত করেন। এর আগে আসামিপক্ষ মামলাটি প্রত্যাহারের আবেদন জানালেও আদালত তা মঞ্জুর না করে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেন। ​মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্য আসামিরা হলেন সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমান, সাবেক পরিচালক মোর্শেদুল ইসলাম, সাবেক হেড অব মার্কেটিং মো. আহসানুল ইসলাম এবং সাবেক সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) আয়েশা সিদ্দিকা।

মামলার অভিযোগে বলা হয়েছে, বিবাদীরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর এখতিয়ারবহির্ভূতভাবে ওই মাসের বিজ্ঞাপন বিল মওকুফের নোটিশ জারি করেন। পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সময় টিভির আগস্ট মাসের বিজ্ঞাপন বাবদ মোট ৫ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার ২৮৩ টাকা উত্তোলন করেও তা প্রতিষ্ঠানের হিসাব বিভাগে জমা না দিয়ে আত্মসাৎ করেন। পরে ই-মেইলের মাধ্যমে অর্থ ও রসিদ বই ফেরত দেওয়ার নোটিশ পাঠানো হলেও তারা কোনো সাড়া দেননি। থানা মামলা নিতে অস্বীকৃতি জানালে বাদী আদালতে গেলে আদালত অভিযোগ আমলে নিয়ে আগে সমন জারি করেন। নির্ধারিত দিনে হাজির না হওয়ায় আজ তাদের বিরুদ্ধে চূড়ান্তভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।