টানা বৃষ্টিতে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন চট্টগ্রামে আটকে পড়েছে। মঙ্গলবার দুপুর প্রায় ১২টা ৪০ মিনিটে নগরের ষোলশহর এলাকায় ট্রেনটি থেমে যায়। রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটি আজ সকাল সোয়া ৬টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে এবং দুপুর ১২টা ৩৫ মিনিটে ষোলশহর স্টেশন অতিক্রম করার পর অল্প দূর এগিয়েই পানি জমে থাকা লাইনের কারণে আটকে পড়ে। ট্রেনটির নির্ধারিত সময় অনুযায়ী বেলা ২টা ৪০ মিনিটে কক্সবাজারে পৌঁছানোর কথা ছিল।
ষোলশহর স্টেশনের মাস্টার আরিফুল ইসলাম বলেন, ষোলশহর এলাকায় রেললাইনে পানি উঠে যাওয়ায় পর্যটন এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। ৬৫০ জনের বেশি যাত্রী নিয়ে আজ সকাল সোয়া ছয়টায় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি যাবে কক্সবাজারে। জানা যায়, ষোলশহর স্টেশন থেকে কিছুদূর যাওয়ার পর ট্রেন চালক রেললাইন পানিতে ডুবে থাকতে দেখেন। ফলে ঝুঁকি নিয়ে ট্রেনটি আর সামনের দিকে এগোয়নি। পানি নেমে গেলে ট্রেনটি কক্সবাজারে উদ্দেশ্যে যাত্রা করবে।
এদিকে চট্টগ্রাম নগরীতে ২৪ ঘণ্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টি ঝরার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যা ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১৯৮৩ সালের ৪ অগাস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সে হিসাবে, সোমবার বিকেল ৩টা থেকে ২৪ ঘণ্টায় ৪২ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি দেখল বন্দরনগরী। প্রবল এই বর্ষণের মধ্যে জোয়ারের কারণে নগরীর আরো কিছু এলাকা তলিয়ে গেছে। পানি উঠেছে অন্তত তিনটি সড়কে।
