ভোজ্যতেল উৎপাদনে ১০ বছর করছাড়

দেশি তেলবীজ চাষে উৎসাহ বৃদ্ধি এবং ভোজ্যতেল শিল্পে বিনিয়োগ বাড়াতে কর ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। এখন থেকে স্থানীয়ভাবে উৎপাদিত তেলবীজ কাঁচামাল হিসেবে ব্যবহার করলে সংশ্লিষ্ট ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ১০ বছর পর্যন্ত আয়কর অব্যাহতির সুবিধা পাবে। এ বিষয়ে শনিবার প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ১০ বছর মেয়াদে ধাপ অনুযায়ী এই সুবিধা পাবে। প্রথম ৫ বছর (প্রথম থেকে পঞ্চম বছর) অর্জিত আয়ের ওপর ১০০ শতাংশ আয়কর অব্যাহতি দেওয়া হবে। পরবর্তী ৩ বছর (ষষ্ঠ থেকে অষ্টম বছর) ৫০ শতাংশ এবং শেষ ২ বছর (নবম ও দশম বছর) ২৫ শতাংশ হারে আয়কর অব্যাহতি পাওয়া যাবে। আগামী ১ জুলাই থেকে এই সুবিধা কার্যকর হবে।

তবে এই কর সুবিধা পেতে হলে প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে—প্রতিষ্ঠানকে আয়কর আইন, ২০২৩-এর বিধান মেনে চলতে হবে এবং কোম্পানি আইন, ১৯৯৪-এর অধীনে নিবন্ধিত হতে হবে। ভোজ্যতেল উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল হিসেবে বাধ্যতামূলকভাবে স্থানীয়ভাবে উৎপাদিত তেলবীজ ব্যবহার করতে হবে। কর অব্যাহতি শুধুমাত্র ভোজ্যতেল উৎপাদন থেকে অর্জিত আয়ের ওপর প্রযোজ্য হবে, তাই অন্যান্য আয়ের থেকে এ খাতের আয় আলাদাভাবে হিসাব সংরক্ষণ করতে হবে।

এছাড়া প্রতি বছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিলের পাশাপাশি স্থানীয় তেলবীজ ব্যবহারের তথ্যও জমা দিতে হবে। অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে অর্থ পরিশোধের ক্ষেত্রে প্রযোজ্য উৎস কর কেটে তা সরকারি কোষাগারে জমা দেওয়াও বাধ্যতামূলক। সংশ্লিষ্টদের মতে, সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে আমদানিনির্ভর ভোজ্যতেল খাতে দেশীয় কাঁচামালের ব্যবহার বাড়বে, ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিও আরও শক্তিশালী হবে।