পুরোনো লোহার রেল সেতু চুরির ঘটনার পর এবার ভারতে চাঞ্চল্যকরভাবে একটি পুরো মোবাইল টাওয়ারই উধাও হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, বিহারের বক্সার জেলায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, জেলায় স্থাপিত ১৩২ ফুট উঁচু একটি বিশাল মোবাইল টাওয়ার এবং এর সঙ্গে থাকা ১৫ কেভিএ ক্ষমতার একটি জেনারেটর এক রাতের মধ্যেই চুরি হয়ে যায়।
বিহারের বক্সার জেলার দুমরাও এলাকায় জিটিএল ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির একটি মোবাইল টাওয়ার দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে ছিল। সম্প্রতি সেটি মেরামতের উদ্দেশ্যে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গেলে বিস্মিত হয়ে পড়েন। কারণ সেখানে গিয়ে দেখা যায়, ১৩২ ফুট উঁচু সেই বিশাল টাওয়ারটির কোনো চিহ্নই নেই। শুধু টাওয়ারই নয়, সাইটে থাকা ১৫ কেভিএ ক্ষমতার জেনারেটরসহ অন্যান্য মূল্যবান যন্ত্রপাতিও চুরি হয়ে গেছে। ঘনবসতিপূর্ণ একটি আবাসিক এলাকা থেকে এত বড় একটি টেলিকম টাওয়ার কীভাবে অদৃশ্য হয়ে গেল, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও চরম বিস্ময় তৈরি হয়েছে।
টাওয়ার চুরির বিষয়টি নিশ্চিত হওয়ার পর কোম্পানির একজন প্রতিনিধি দুমরাও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। বক্সারের পুলিশ সুপার (এসপি) শুভম আর্য বলেন, ‘টাওয়ার চুরির বিষয়ে একটি অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ তিনি আরও জানান, ঘটনার সত্যতা উদ্ঘাটনে জমির মালিক এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে জমির মালিক হরেনাথ যাদব ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, প্রায় ১০ বছর আগে টাওয়ারটি বসানোর জন্য কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছিল। কিন্তু ২০২২ সালে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় এবং কোম্পানি জমির ভাড়া দেওয়াও বন্ধ করে দেয়। হরেনাথ বলেন, ‘আমরা কোম্পানিকে চারবার নোটিশ পাঠিয়েছিলাম, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। আর এখন জানতে পারছি যে টাওয়ারটিই গায়েব হয়ে গেছে।’ স্থানীয় বাসিন্দা বিকাশ কুমার সিং জানান, টাওয়ারটি প্রায় ১৫ বছর আগে ওই এলাকায় স্থাপন করা হয়েছিল। তবে বেশ কয়েক বছর ধরে এটি অকেজো অবস্থায় পড়ে ছিল।
