পুনর্বীমার প্রিমিয়াম ফির উৎসে কর কমে ৫%

পুনর্বীমার ক্ষেত্রে অনিবাসী করদাতাকে দেওয়া প্রিমিয়াম ফির উৎসে কর অর্ধেক করার প্রস্তাব করেছে সরকার।বৃহস্পতিবার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ সিদ্ধান্তের কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে আয়কর অনুবিভাগ থেকে প্রকাশ করা উৎসে কর বিধিমালায় দেখা যায়, পুর্নবীমার প্রিমিয়াম ফির উৎসে কর নতুন অর্থবছরের জন্য ৫ শতাংশ করা হয়েছে।

চলতি অর্থবছরে এখানে ১০ শতাংশ উৎসে কর রয়েছে। সেই হিসাবে উৎসে কর অর্ধেক হলো। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বীমা খাতে রি-ইনস্যুরেন্স প্রিমিয়াম বাবদ ‘খরচ কমানোর স্বার্থে’ অনিবাসী করদাতাকে পরিশোধিত বীমা প্রিমিয়াম হতে উৎসে কর কর্তনের হার ১০ থেকে ৫ শতাংশ করা হয়েছে।

অনেক বীমা কোম্পানি তাদের ঝুঁকির একটি অংশ বিদেশি বীমা কোম্পানির কাছে পুনর্বীমা বা ‘রি-ইনস্যুরেন্স’ করে। এর বিনিময়ে বিদেশি কোম্পানিকে প্রিমিয়াম ফি দিতে হয়। আয়কর আইনে অনিবাসী করদাতা ব্যক্তি বা কোম্পানি বলতে তাদেরকে বোঝায়, যারা কোনো নির্দিষ্ট করবর্ষে বাংলাদেশে ন্যূনতম সময় (সাধারণত ১৮২ দিন বা তার বেশি) অবস্থান করেননি। দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৮২টি বীমা কোম্পানি রয়েছে। এর মধ্যে সাধারণ বীমা কোম্পানি ৪৬টি। দেশে পুনর্বীমা করা হয় শুধু একটি প্রতিষ্ঠানে, সেটি সাধারণ বীমা করপোরেশন।