বসুন্ধরা রেডিমিক্সের ১১৭৪ মেট্রিক টন স্ল্যাগ মিথ্যা ঘোষণা
বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড
মোংলায় মিথ্যা ঘোষণার এক হাজার ১৭৪ মেট্রিক টন স্ল্যাগ সনাক্ত করেছে মোংলা কাস্টম হাউসের কর্মকর্তারা। বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড এই স্ল্যাগে শুল্ককর ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, কাস্টমস কর্মকর্তাদের সতর্কতা ও কার্গো পরিমাণ যাচাইয়ের সক্ষমতায় মোংলা বন্দরের হারবাড়িয়া-৭ এলাকায় এমভি আনাসা জাহাজে ঘোষিত পরিমাণের চেয়ে ১ হাজার ১৭৪ দশমিক ৭২৪ মেট্রিক টন বেশি স্ল্যাগ শনাক্ত হয়েছে। বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের আমদানিকৃত স্ল্যাগবাহী জাহাজটি ১ সেপ্টেম্বর মোংলা বন্দরে আসে। বিল অব লেডিং অনুযায়ী জাহাজে ২৪ হাজার মেট্রিক টন স্ল্যাগ ঘোষণা করা হয়েছিল।
কাস্টমস কর্মকর্তারা শিপিং এজেন্ট ও সার্ভে/মেরিন ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে প্রাথমিক লাইট লোড সার্ভে করলে প্রায় ২৫ হাজার ৪৬৪ দশমিক ৬৮২ মেট্রিক টন পণ্য থাকার তথ্য পাওয়া যায়। বিষয়টি নিয়ে আমদানিকারক ও জাহাজ সংশ্লিষ্টদের আপত্তির পর কাস্টমসের উদ্যোগে পুনরায় যৌথ সার্ভে করা হয়। পরবর্তী লাইট ড্রাফট সার্ভেতে চূড়ান্তভাবে ২৫ হাজার ১৭৪ দশমিক ৭২৪ মেট্রিক টন স্ল্যাগ পাওয়া যায়। অর্থাৎ ঘোষিত পরিমাণের চেয়ে ১ হাজার ১৭৪ দশমিক ৭২৪ মেট্রিক টন বেশি পণ্য শনাক্ত হয়েছে।
কাস্টমসের প্রাথমিক হিসাব অনুযায়ী, অতিরিক্ত পণ্যের বিপরীতে সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ প্রায় ৩৪ লাখ ২১ হাজার ৯৭১ টাকা। কর্মকর্তাদের তথ্যভিত্তিক বিশ্লেষণ, সতর্কতা এবং পণ্যের প্রকৃত পরিমাণ যাচাইয়ের দক্ষতার কারণেই ঘোষণার সঙ্গে বাস্তব কার্গোর পার্থক্যটি শনাক্ত করা সম্ভব হয়েছে।
