দুই দিনে ৫৮১ কোটি টাকা তুলেছেন ১৪ হাজার গ্রাহক

সম্মিলিত ইসলামী ব্যাংক

সমস্যাগ্রস্ত পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরতে শুরু করেছে। কার্যক্রমে গতি ফেরার পাশাপাশি ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থাও বাড়ছে। প্রথম দুই দিনে প্রায় ১৪ হাজার গ্রাহক ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা উত্তোলন করেছেন। তবে আবেদনকারীর তুলনায় টাকা উত্তোলনের হার কম হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে কর্তৃপক্ষ। ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রথম দিন সোমবার প্রায় ৬ হাজার গ্রাহক ২৫৪ কোটি টাকা উত্তোলন করেন। আর দ্বিতীয় দিন মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ৭ হাজার ৮৯৬ জন গ্রাহক ৩২৭ কোটি টাকা তুলে নেন।

এর আগে গত ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ব্যক্তি আমানতকারীদের কাছ থেকে টাকা ফেরতের আবেদন নেওয়া হয়। এ সময়ে ৭৪ হাজার ২২১টি আবেদনের বিপরীতে প্রায় ৩ হাজার ৯২৫ কোটি টাকা ফেরতের আবেদন জমা পড়ে। এর মধ্যে ১ সেপ্টেম্বর প্রথম দিন ১৮ হাজার ৪৬টি আবেদনের বিপরীতে ১ হাজার ৩২৯ কোটি টাকা ফেরতের চাহিদা দেওয়া হয়। দ্বিতীয় দিন ১৯ হাজার ৬১৩টি আবেদনের বিপরীতে ১ হাজার ১৬ কোটি টাকা, তৃতীয় দিন ২১ হাজার ৮৬টি আবেদনের বিপরীতে ৯২৩ কোটি টাকা এবং শেষ দিন ১৫ হাজার ৪৭৬টি আবেদনের বিপরীতে ৬৫৭ কোটি টাকা ফেরতের আবেদন করা হয়।

ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর ১৯ হাজার ৬১৩টি আবেদনের বিপরীতে ১ হাজার ১৬ কোটি টাকা ফেরতের আবেদন করেছিলেন গ্রাহকরা। এসব গ্রাহকের মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) টাকা ফেরত পাওয়ার কথা ছিল। তবে ওই দিন ৭ হাজার ৮৯৬ জন গ্রাহক ৩২৭ কোটি টাকা উত্তোলন করেন। অর্থাৎ আবেদনকারীদের বড় একটি অংশ টাকা তুলতে ব্যাংকে আসেননি কিংবা আবেদন প্রত্যাহার করেছেন। বিষয়টিকে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা বাড়ার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবেদুর রহমান সিকদার বলেন, আস্থার কারণে অনেক গ্রাহক টাকা ফেরতের আবেদন প্রত্যাহার করছেন। আবার অনেকে আবেদন করেও টাকা তুলতে আসেননি। ফলে ব্যাংক কর্তৃপক্ষের প্রত্যাশার তুলনায় অনেক কম গ্রাহক টাকা উত্তোলন করেছেন। আগামীতে টাকা তোলার হার আরও কমে আসবে এবং উল্টো গ্রাহকরা ব্যাংকে নতুন করে টাকা জমা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে টাকা ফেরতের পাশাপাশি গত ৭ সেপ্টেম্বর থেকে অনলাইনে অর্থ স্থানান্তর কার্যক্রম শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। ফলে দীর্ঘদিন স্থবির থাকার পর ব্যাংকটির কার্যক্রমে কিছুটা গতি ফিরেছে। এ ছাড়া ব্যক্তি হিসাবের গ্রাহকদের মূল আমানতের টাকা ফেরত দিতে তারল্য সহায়তা হিসেবে সোমবার বাংলাদেশ ব্যাংক ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা চলতি ও সঞ্চয়ী হিসাবের টাকা এবং মেয়াদি আমানতের মূল টাকা উত্তোলন করতে পারবেন। তবে মেয়াদি আমানতের পুরো মূল টাকা এককালীন তুলে নিলে সেটিকে পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য করা হবে। সেক্ষেত্রে কোনো মুনাফা দেওয়া হবে না।

অন্যদিকে, যেসব গ্রাহক এখনই টাকা উত্তোলন না করে আমানত চালু রাখবেন, তারা চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পাবেন। ব্যাংকের সার্বিক কার্যক্রম স্বাভাবিক হওয়ার পর মুনাফাসহ আমানত জমা ও উত্তোলনের সুযোগও থাকবে। চরম অনিয়ম ও ঋণ জালিয়াতির কারণে সংকটে পড়া এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। এসব ব্যাংকে প্রায় ৭৬ লাখ আমানতকারীর মোট ১ লাখ ৪২ হাজার কোটি টাকা আমানত ছিল। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবেই রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা।