কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনার অধীন বাগেরহাট ভ্যাট বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি ট্রাক আটক করেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে চালানো এ অভিযানে ট্রাক দুটিতে সিগারেট তৈরির মেশিন, কাটিং তামাক, সিগারেট পেপার, ফিল্টার পেপার, ফয়েল পেপার, জেনারেটর, গামসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে- একটি মেকিং মেশিন, একটি প্যাকিং মেশিন, ৫০টি প্লাস্টিক ক্যারেট, একটি জেনারেটর, ৫১ বস্তা কাটিং তামাক (মোট ১ হাজার ২৭৫ কেজি), ৭৬ রোল সিগারেট পেপার, পাঁচ কার্টন ফিল্টার পেপার, তিন ড্রাম গাম/আটা, ৫৪ রোল ফয়েল পেপার, ছয় বক্স প্যাকেট তৈরির কাগজ, একটি হাওয়ার ট্যাংকি ও ১০০ পিস স্কচটেপ।
প্রাথমিক যাচাইয়ে জব্দ করা সরঞ্জামগুলোকে সিগারেট উৎপাদনের প্রায় সম্পূর্ণ কারখানা সেটআপ বলে ধারণা করা হচ্ছে। আটক দুটি ট্রাক ও জব্দ মালামালের বিষয়ে যাচাই-বাছাই এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি বিধি অনুযায়ী জব্দ মালামাল সদর দপ্তরের কাস্টমস গুদামে জমা দেওয়ার প্রক্রিয়াও চলছে।
