দেশে ৫৯ টিভি চ্যানেল ও ১৪৩৬ পত্রিকা রয়েছে

সংসদে তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৫৯টি টিভি চ্যানেল, ১৪৩৬টি পত্রিকা এবং ৪৭৪টি অনলাইন নিউজ পোর্টাল রয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেলের সংখ্যা ৪টি এবং অনাপত্তিপ্রাপ্ত বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৫৫টি। তিনি আরও জানান, বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টিসহ মোট ৩৯টি চ্যানেল তাদের সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। এদিন প্রশ্নোত্তর পর্বটি স্পিকারের সভাপতিত্বে টেবিলে উত্থাপিত হয়। দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন প্রশ্ন করেন, এই মুহূর্তে বাংলাদেশে প্রাইভেট টিভি চ্যানেল কতগুলো এবং কী কী? দৈনিক পত্রিকা এবং অনলাইন পত্রিকার সংখ্যার ব্যাপারেও তিনি জানতে চান।

জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, ‘বর্তমানে দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেলের সংখ্যা চারটি এবং অনাপত্তি প্রদানকৃত বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৫৫টি। বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টিসহ ৩৯ টি চ্যানেল সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’

মন্ত্রী আরও জানান, সারা বাংলাদেশ হতে বর্তমানে প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা ১৪৩৬টি। এর মধ্যে ঢাকা হতে প্রকাশিত ৫৯৩টি ও অন্যান্য জেলা হতে প্রকাশিত ৮৪৩টি। নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ৪৭৪টি। এর মধ্যে অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ২৮২টি, দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ১৩১টি ও অনলাইন নিউজ পোর্টাল (আঞ্চলিক) ক্যাটাগরিতে ৬১টি।