ঢাকার অভিজাত গুলশান-২ এলাকার ১০৪ নম্বর সড়কের ২৯ নম্বর বাড়িটি দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন সাবেক জাতীয় ফুটবলার, ব্যবসায়ী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী। তবে প্রায় দুই দশক ধরে নানা মালিকানা পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া এই মূল্যবান সম্পত্তিকে শেষ পর্যন্ত সরকারের সম্পত্তি হিসেবে ঘোষণা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তিন মাসের মধ্যে বাড়িটি সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে আদালত উল্লেখ করেন, গুলশানের সিইএন (ডি)-২৭ নম্বর বাড়িটি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত ছিল এবং আইনগতভাবে অবমুক্ত না হওয়া পর্যন্ত এর সেই অবস্থার কোনো পরিবর্তন হয়নি। ফলে পরবর্তী সময়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের যে প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, তা বৈধ নয়।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, সম্পত্তিটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত হওয়ার পরও বিভিন্ন সময়ে মালিকানা পরিবর্তনের চেষ্টা হয়েছে। কিন্তু এসব পরিবর্তন সম্পত্তির আইনগত অবস্থান পরিবর্তন করতে পারেনি। ফলে বর্তমানে সম্পত্তিটি সরকারের মালিকানাধীন বলেই গণ্য হবে। মামলার নথি ও আদালতে দাখিল করা অনুসন্ধান প্রতিবেদনে দেখা যায়, স্বাধীনতার পর পরিত্যক্ত সম্পত্তি হিসেবে সরকারের নিয়ন্ত্রণে আসা এ বাড়িটি ঘিরে পরবর্তী সময়ে একাধিক ব্যক্তি মালিকানা দাবি করেন। বিভিন্ন দলিল, নামজারি ও মালিকানা হস্তান্তরের নথির মাধ্যমে সম্পত্তির ওপর ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠার চেষ্টা চালানো হয়। পরে এসব প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে।
২০২২ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক একটি রিট আবেদন করেন। আবেদনে বলা হয়, পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত একটি বাড়ি দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে ভোগদখল করা হলেও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট বাড়ি-সংক্রান্ত নথিপত্র তলব করেন এবং পরে বিষয়টি অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন।
আদালতের নির্দেশে দুদক অনুসন্ধান চালিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করে, যেখানে সম্পত্তিটির মালিকানা হস্তান্তরের ধারাবাহিকতা, সংশ্লিষ্ট দলিল, নামজারি ও দখলসংক্রান্ত তথ্য পর্যালোচনা করা হয়। অনুসন্ধানে মালিকানা পরিবর্তনের বিভিন্ন ধাপে অসংগতি ও জালিয়াতির অভিযোগ উঠে আসে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ প্রতিবেদনের ভিত্তিতে আদালত সম্পত্তিটির চেইন অব টাইটেল, দখলসংক্রান্ত নথি এবং অন্যান্য তথ্য বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে হলফনামা দাখিলের নির্দেশ দেন। পরে চূড়ান্ত শুনানি শেষে রায়ে আদালত বলেন, নথিতে সম্পত্তিটি বিভিন্ন ব্যক্তি হয়ে শেষ পর্যন্ত আবদুস সালাম মুর্শেদীর নামে হস্তান্তর হয়েছে বলে প্রতীয়মান হলেও এর পরিত্যক্ত সম্পত্তি হিসেবে আইনগত অবস্থান কখনো পরিবর্তিত হয়নি। যথাযথ আদালতের মাধ্যমে অবমুক্ত না হওয়া পর্যন্ত এটি পরিত্যক্ত সম্পত্তিই থাকবে, ফলে পরবর্তী সময়ে মালিকানা হস্তান্তরের পুরো প্রক্রিয়াই বেআইনি।
হাইকোর্ট তিন মাসের মধ্যে সম্পত্তিটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধির মাধ্যমে সরকারের কাছে বুঝিয়ে দিতে সালাম মুর্শেদীকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সম্পত্তির দখল বুঝে পাওয়ার ১৫ দিনের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত সচিবকে আদালতে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আদালত আরও উল্লেখ করেন, সম্পত্তি হস্তান্তর-সংক্রান্ত অভিযোগে ইতোমধ্যে দুদকের মামলা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলছে। এ কারণে তদন্ত অব্যাহত রাখতে দুদককে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে জালিয়াতি বা সহযোগিতার সঙ্গে কোনো ব্যক্তি বা কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।
অন্যদিকে, আবদুস সালাম মুর্শেদীর পক্ষ থেকে আদালতে দাবি করা হয়, তিনি ১৯৯৭ সালে রাজউকের অনুমোদন নিয়ে দুই ভাইয়ের কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করেন এবং তখন থেকেই ভোগদখলে রয়েছেন। তার আইনজীবীরা জানান, হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এ রায়ের পর গুলশানের বহুল আলোচিত এই সম্পত্তিকে ঘিরে দীর্ঘদিনের বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। একদিকে পরিত্যক্ত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত একটি বাড়ির মালিকানা পরিবর্তনের পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে, অন্যদিকে তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়, সেদিকেও নজর রাখছেন সংশ্লিষ্টরা।
** সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার বিষয়ে সিদ্ধান্ত ৬ জুলাই
** স্ত্রীসহ সালাম মুর্শেদীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
** গুলশানে প্লট দখল: সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর
** সালাম মুর্শেদীর দখল করা বাড়িকে ‘পরিত্যক্ত সম্পত্তি’ ঘোষণা
** সালাম মুর্শেদীর বিরুদ্ধে অভিযোগ গঠন ২৯ সেপ্টেম্বর
** সালাম মুর্শেদীর ২২ কোটি টাকা করফাঁকি, ব্যাংক হিসাব জব্দ
** সালাম মুর্শেদীর পরিবারের ব্যাংক হিসাবের তথ্য চায় দুদক
** গুলশানে প্লট দখল: সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর
** সালাম মুর্শেদীর বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল
