অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি প্রতিরোধে সরকার প্রযুক্তিনির্ভর নজরদারি আরও জোরদার করছে। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা বাড়াতে ই-রিটার্ন ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সদস্যের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না বাড়িয়ে ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, করপোরেট করদাতাদের জন্য শিগগিরই ই-রিটার্ন ব্যবস্থা আরও বিস্তৃত করা হবে।করদাতাদের তথ্যভান্ডার শক্তিশালী করতে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে এপিআই সংযোগের মাধ্যমে তথ্য সংগ্রহ ও সমন্বয়ের কাজ এগিয়ে চলছে। কোন খাত থেকে কত রাজস্ব আসার কথা, তা নির্ধারণে ঝুঁকিভিত্তিক নিরীক্ষা ও অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি অনলাইনে উৎসে কর কর্তনের পরিধি বাড়ানো এবং ইচ্ছাকৃত কর ফাঁকিদাতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের ফলে ২০২৫ সালের অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ১৭ শতাংশে নেমেছিল। তবে আন্তর্জাতিক ও দেশীয় বাজারের প্রভাবে চলতি বছরের মে মাসে তা আবার বেড়ে ৯ দশমিক ৪২ শতাংশে পৌঁছেছে। চাহিদাজনিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। একই সঙ্গে সরবরাহ ঘাটতি কাটিয়ে উৎপাদন বাড়াতে বাংলাদেশ ব্যাংক ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে ৪১ হাজার কোটি টাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য থেকে এবং বাকি ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে সরবরাহ করা হবে। এছাড়া ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে বাজারভিত্তিক নমনীয় বিনিময় হার ব্যবস্থা চালু রাখা হয়েছে।
নতুন উদ্যোক্তা পাবেন বিনা জামানতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ
কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুল আলমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নতুন উদ্যোক্তাদের সহায়তায় বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। এ তহবিল থেকে উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ১০ লাখ টাকা এবং জামানতের বিপরীতে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তিনি আরও জানান, স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য আলাদা করে ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে, যেখান থেকে ৪ শতাংশ সুদে ঋণ সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি ৩৯টি তফসিলি ব্যাংকের অংশীদারিত্বে গঠিত বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির মাধ্যমে ইকুইটি সহায়তাও প্রদান করা হবে।
সরকারি ব্যাংকের খেলাপি ঋণ ১,৮৮,৭০১ কোটি টাকা
সাবিকুন্নাহারের প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, গত ৩১ মে পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ৯টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ছিল এক লাখ ৮৮ হাজার ৭০১ কোটি ৭৫ লাখ টাকা। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর মধ্যে খেলাপি ঋণ কমাতে নতুন রেজল্যুশন কৌশল, আন্তর্জাতিক মান অনুযায়ী ক্রেডিট রিস্ক ব্যবস্থাপনা, জামানত মূল্যায়নের নতুন ব্যবস্থা এবং ঋণ পুনরুদ্ধারে কর্মকর্তাদের জন্য প্রণোদনা চালুর উদ্যোগ রয়েছে।
মুজিববর্ষ উদযাপনে খরচ ৯৮৩ কোটি টাকা
মো. মাহবুবুর রহমানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদি নির্মাণ, সরকারি দপ্তরে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের ভাস্কর্য স্থাপন এবং রাষ্ট্রীয় সময় প্রদর্শনের ডিজিটাল বোর্ড স্থাপনসহ বিভিন্ন খাতে সরকারের মোট ব্যয় হয়েছে ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ টাকা। এ সংক্রান্ত ব্যয়ের বিস্তারিত বিবরণও সংসদে উপস্থাপন করা হয়। মন্ত্রী আরও বলেন, আগের প্রধানমন্ত্রীর এক বছরে আপ্যায়ন খাতে ব্যয় হয়েছিল প্রায় ৩৫ কোটি টাকা। বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রীর ব্যয়ের তুলনা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বিষয়টি কোনো একটি খাতে সীমাবদ্ধ নয়; এ ধরনের আরও নানা খাতে ব্যয় রয়েছে।
ব্যাংক খাতের লুটপাটের তদন্ত চলছে
গাজীপুর-৪ আসনের সদস্য সালাহউদ্দিন আইউবীর সম্পূরক প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে পালিয়েছেন, তাদের বিষয়ে সরকার কোনো আপস করবে না। অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, তদন্ত চলছে এবং সম্পত্তি ক্রোকের কার্যক্রমও শুরু হয়েছে। এ বিষয়ে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
টেলিটক বিক্রির পরিকল্পনা নেই
মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের নেটওয়ার্কের পরিধি বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। গতকাল শেখ মো. আব্দুল্লাহর এক প্রশ্নে মন্ত্রী আরও বলেন, টেলিটক বিক্রির পরিকল্পনা সরকারের নেই।
