বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের মালিক মো. খায়রুল বাশার বাহারের প্রায় ৩৩ কোটি টাকার সম্পদ জব্দ করেছে সিআইডি। উন্নত দেশের শিক্ষা প্রতিষ্ঠানে স্বল্প খরচে দ্রুত সময়ের মধ্যে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রোববার (১২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
তিনি বলেন, বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের স্বত্বাধিকারী মো. খায়রুল বাশার বাহার ও তার সহযোগীরা সাধারণ ছাত্র-ছাত্রীদের আমেরিকা, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য স্বল্প খরচে দ্রুত সময়ের মধ্যে পাঠানোর চটকদার বিজ্ঞাপন দেখিয়ে আকৃষ্ট করেন। এরপর তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানকালে প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়। এরপর তার বিরুদ্ধে গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়। ওই মামলায় খায়রুল বাশার বাহারকে ২০২৫ সালের ১৪ জুলাই ধানমন্ডি থেকে গ্রেফতার করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।
প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে জসীম উদ্দিন খান জানান, অভিযুক্ত ব্যক্তি প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে বড় স্ত্রীর নামে রাজধানীর ভাটারা এলাকায় একটি ফ্ল্যাট ক্রয় করেন। এছাড়া দ্বিতীয় স্ত্রী কানিজ ফাতেমা ওরফে ডোনার নামে শেলটেক বিথীকা প্রকল্পে একটি ফ্ল্যাট এবং নিজের নামে রাজাবাজার এলাকায় দুটি ফ্ল্যাট কিনেছেন। এছাড়া রাজধানীর আজিজ সড়কে জি+৭ ও জি+৬ তলা বিশিষ্ট দুটি ভবনসহ নিজের ও প্রতিষ্ঠানের নামে একাধিক জমিও ক্রয় করেন, যার দলিল মূল্য প্রায় ৩৩ কোটি টাকা। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের আবেদনের ভিত্তিতে সিনিয়র স্পেশাল জজ আদালত এসব স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত খায়রুল বাশার বাহার নিজেকে শিক্ষাবিদ ও ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও এর আড়ালে তিনি বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র গড়ে তোলেন। এই চক্রের সহায়তায় তিনি সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করেন এবং বিপুল সম্পদের মালিক হন। মামলার তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে। পাশাপাশি অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির নামে দেশের বিভিন্ন স্থানে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের সন্ধানও অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জসীম উদ্দিন খান।
