জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান এস. এম. আমজাদ হোসেনকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা ও সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের দাখিল করা অনুসন্ধান প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।
দুদকের অনুসন্ধান সূত্রে জানা যায়, এস. এম. আমজাদ হোসেনের নামে ৩০ কোটি ৯৪ লাখ ১৮ হাজার ১৬০ টাকার স্থাবর এবং ১ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৮৯৩ টাকার অস্থাবরসহ সর্বমোট ৩২ কোটি ৫৭ লাখ ৮৫ হাজার ৫৩ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে।
এছাড়া তার পারিবারিক ও অন্যান্য ব্যয়ের পরিমাণ পাওয়া গেছে ১৩ কোটি ৫৭ লাখ ৯০ হাজার ৯৪৪ টাকা। অর্জিত সম্পদ ও ব্যয়সহ তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪৬ কোটি ১৫ লাখ ৭৫ হাজার ৯৯৭ টাকা। তবে উক্ত সম্পদের বিপরীতে তার ৪৫ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৭৪১ টাকার বৈধ আয়ের উৎস পাওয়া গেছে। ফলে তার অর্জিত সম্পদের মধ্যে ৫৯ লাখ ৮৬ ২৫৬ টাকার সম্পদ জ্ঞাত আয়বহির্ভূত বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দেশে অর্জিত সম্পদের পাশাপাশি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান এবং দেশে-বিদেশে আরও বিপুল পরিমাণ সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে অনুসন্ধানী কর্মকর্তা জানান, আমজাদ হোসেনের দাখিলকৃত আয়-ব্যয় ও দায়-দেনার উৎসের প্রমাণক বিশদভাবে যাচাই এবং তার স্থাবর-অস্থাবর সম্পদের সঠিকতা নিরূপণের জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সুপারিশ করা হয়েছিল। কমিশন উক্ত সুপারিশ অনুমোদন করায় তাকে দ্রুত সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ প্রদান করা হচ্ছে।
