এবার থাই রেস্তোরাঁ চালু করল প্রাণ গ্রুপ

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ গ্রুপ এবার থাই রেস্তোরাঁ ব্যবসায় যুক্ত হয়েছে। গত বছর তারা ‘ডেইলি দাওয়াত’ নামে একটি রেস্তোরাঁ চালু করে, যেখানে ভাত, ভর্তা, মাছ ও মাংসসহ দেশীয় খাবার পরিবেশন করা হয়। এরই ধারাবাহিকতায় গুলশানে ‘টুকটুক এক্সপ্রেস’ নামে নতুন একটি থাই রেস্তোরাঁ চালু করেছে প্রতিষ্ঠানটি। এখানে মিলবে আসল ও জনপ্রিয় থাই খাবার, যার মধ্যে রয়েছে স্পেশাল লবস্টার চিলি পেস্ট, ক্রিমি বেসিল ফিশ, ম্যাঙ্গো স্টিকি রাইসসহ বিভিন্ন সিগনেচার ডিশ।

গত বৃহস্পতিবার গুলশান-১ এলাকায় রেস্টুরেন্টটির উদ্বোধন করেন প্রাণ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক অনিমেষ সাহা। তিনি বলেন, ‘টুকটুক এক্সপ্রেসের মাধ্যমে আমরা ঢাকায় একটি ভিন্নধর্মী থাই খাবারের অভিজ্ঞতা নিয়ে আসতে চেয়েছি। শুধু খাবার নয়, থাই সংস্কৃতি, আতিথেয়তা ও প্রাণবন্ত পরিবেশও এখানে উপভোগ করা যাবে।’

টুকটুক এক্সপ্রেসের ব্যবসা উন্নয়ন প্রধান মুহাইমিনুল ইসলাম বলেন, ‘সব ধরনের গ্রাহকের জন্য সাশ্রয়ী মূল্যে অথেনটিক থাই খাবারের অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। খাবারের পাশাপাশি এখানে থাকছে কারাওকে ও বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে সরাসরি সংগীত পরিবেশনার সুযোগ। অভিজ্ঞ থাই রাঁধুনি ও প্রশিক্ষিত সেবাদানকারী দলের মাধ্যমে গ্রাহকদের উন্নত মানের খাবার ও সেবার অভিজ্ঞতা দেওয়া হচ্ছে।’

প্রাণ গ্রুপ জানিয়েছে, রেস্তোরাঁ উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ লয়্যালটি কার্ড চালু করা হয়েছে। প্রথমবার খাবার গ্রহণের পর গ্রাহকেরা এই কার্ড পাবেন। পরবর্তীতে নির্দিষ্ট সময়ে রেস্তোরাঁয় আসলে লয়্যালটি কার্ডের মাধ্যমে একটি নির্দিষ্ট খাবার সৌজন্য উপহার হিসেবে দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (মার্কেটিং) মো. আলী হাসান আলম, উপমহাব্যবস্থাপক (এইচআর) রঞ্জন কুমার দে এবং সহকারী মহাব্যবস্থাপক (মার্কেটিং) শফিক শাহিনসহ অন্যান্য কর্মকর্তারা।