দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের পাঁচ বিভাগে আজ শনিবার দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (৯ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে, এসব অঞ্চলের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে। গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল পর্যন্ত দেশে সর্বোচ্চ ২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে তেঁতুলিয়ায়।