এক্স-রেতে ধরা পড়ল রেকটামে লুকানো ৮২ গ্রাম স্বর্ণ

বেনাপোলে শরীরের অভ্যন্তরে স্বর্ণ লুকিয়ে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেনাপোল ইমিগ্রেশন এলাকার জিরো পয়েন্ট সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক যাত্রীর নাম আল মামুন।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, ভারতগামী ওই যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হলেও তার কাছে কোনো স্বর্ণ পাওয়া যায়নি। তবে সন্দেহ থাকায় শরীরের এক্স-রে করা হলে তার রেকটামে স্বর্ণসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। পরে স্বর্ণ বহনের বিষয়টি স্বীকার করলে তার কাছ থেকে ৮২ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা স্বর্ণ কাস্টম হাউস, বেনাপোলের কাছে হস্তান্তর করা হয়েছে। শরীরের অভ্যন্তরে স্বর্ণ লুকিয়ে সীমান্ত পার হওয়ার এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।