৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে ৫% কর ছাড়

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে ব্যক্তি শ্রেণির করদাতারা ৫ শতাংশ পর্যন্ত কর ছাড় পাবেন; এর পর জমা দিলে এই সুবিধা প্রযোজ্য হবে না। রোববার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন বিধান অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে করদাতারা পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর প্রণোদনা পাবেন। তবে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে এ ধরনের কোনো কর ছাড় বা প্রণোদনা দেওয়া হবে না।

অন্যদিকে ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ বা ৩ হাজার টাকার মধ্যে যেটি বেশি সেই পরিমাণ অতিরিক্ত কর প্রদান করতে হবে। আর ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকার মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর প্রযোজ্য হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনবিআর বিশ্বাস করে নির্ধারিত সময়ের শুরুতেই রিটার্ন দাখিলে কর প্রণোদনা প্রদানের ফলে অধিক সংখ্যক করদাতা সময়মতো রিটার্ন দাখিলে উৎসাহিত হবেন, কর পরিপালনের সংস্কৃতি আরও শক্তিশালী হবে এবং কর প্রশাসনের কার্যক্রম অধিকতর দক্ষ ও সুশৃঙ্খল হবে। ৩০ সেপ্টেম্বরের পর দাখিলকৃত রিটার্নের ক্ষেত্রে কর প্রণোদনা প্রযোজ্য হবে না। তাই করদাতাদের এসময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করে কর প্রণোদনার সুবিধা গ্রহণের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

প্রসঙ্গত, গত ২২ জুলাই থেকে ২০২৬-২০২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাগণের জন্য ই-রিটার্ন সেবা চালু করেছে এনবিআর। করদাতারা (www.etaxnbr.gov.bd) সিস্টেমের মাধ্যমে ঘরে বসেই সহজে আয়কর রিটার্ন দাখিল এবং ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন। সঠিক তথ্য প্রদান করে নির্ভুলভাবে রিটার্ন দাখিলের পর তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করা সম্ভব। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো সমস্যা হলে তা সমাধানের জন্য এনবিআর কর্মকর্তারা সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১) এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।