ঢাকার নদীপথে ফিরছে ওয়াটার বাস: নৌপরিবহনমন্ত্রী

রাজধানী ঢাকার চারপাশের নদীপথে আবারও যাত্রীবাহী ওয়াটার বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। তবে এ উদ্যোগ বাস্তবায়নের আগে নদীদূষণ, নাব্য সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং যাত্রী আকর্ষণের মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা চূড়ান্ত করে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার লক্ষ্য রয়েছে। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকার চারপাশের নদীপথে যাত্রীবান্ধব নৌপরিবহন চালুর পরিকল্পনা নিয়ে আয়োজিত এক ফলোআপ বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানিয়েছেন, নৌপথ সচল করার পাশাপাশি কীভাবে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ করা যায়, ড্রেনেজব্যবস্থার উন্নয়ন করা যায় এবং নদীর নাব্য ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া প্রধানমন্ত্রী নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশনা দেন, যাতে পরিবেশ সুরক্ষা নিশ্চিত হয় এবং নদীর তীরের সৌন্দর্য বৃদ্ধি পায়।

সেতুমন্ত্রী বলেছেন, রাজধানীর চারপাশের নদীগুলোকে শুধু যাতায়াতের মাধ্যম নয়, পর্যটনবান্ধব জলপথ হিসেবেও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে গাবতলী থেকে আশুলিয়া, টঙ্গী, নারায়ণগঞ্জ, সদরঘাট ও বসিলা ঘুরে আবার গাবতলীতে ফিরে আসার একটি রুট বিবেচনায় রয়েছে। তিনি জানিয়েছেন, বর্তমানে সবচেয়ে বড় সমস্যা নদীদূষণ। সরকারি জরিপ অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১টি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৬টি এবং ঢাকা ওয়াসার ৬৬টি পয়েন্ট থেকে সরাসরি নদীতে বর্জ্য ফেলা হচ্ছে।

এ ছাড়া বিভিন্ন শিল্প-কারখানার প্রায় ১৫০টি পয়েন্ট থেকেও দূষিত বর্জ্য নদীতে যাচ্ছে। সব মিলিয়ে ৪২৪টি স্থান দিয়ে নদীতে বর্জ্য পড়ছে। এসব উৎস বন্ধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পরিকল্পনা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। শেখ রবিউল আলম বলেছেন, নদীর বিভিন্ন স্থানে দুর্গন্ধ ও আবর্জনার কারণে অনেক মানুষ নৌপথে ভ্রমণে আগ্রহ হারান। দূষণ নিয়ন্ত্রণ করে পরিবেশ উন্নত করা গেলে যাতায়াতের পাশাপাশি বিনোদনের জন্যও ওয়াটার বাস জনপ্রিয় হতে পারে। তিনি আরও জানিয়েছেন, শুষ্ক মৌসুমে কিছু এলাকায় নাব্য সংকট দেখা দিলেও বর্ষায় পরিস্থিতি তুলনামূলক ভালো থাকে। অতীতে যমুনা থেকে পানি এনে বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও বালু নদীর প্রবাহ সচল রাখার একটি প্রকল্প নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। আপাতত বিদ্যমান পরিস্থিতির মধ্যেই সেবা চালুর প্রস্তুতি চলছে।