বিস্কুটের মোড়কে ঘোষিত ওজনের চেয়ে কম পণ্য সরবরাহ এবং বিভ্রান্তিকর তথ্য প্রদর্শনের দায়ে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রোববার (২ আগস্ট) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করে।
অভিযানকালে বিএসটিআইয়ের প্রতিনিধি দল দেখতে পায়, প্রতিষ্ঠানটির উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের প্রকৃত ওজন মোড়কে ঘোষিত ওজনের তুলনায় বেশ কম। এছাড়া একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ভিন্ন ওজন উল্লেখ করে রাখা হয়েছে, যা ভোক্তাদের বিভ্রান্ত করার শামিল। ওজনে কম দেওয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ধারা ২৪(৪১) অনুযায়ী সরাসরি অপরাধ।
এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি তাৎক্ষণিকভাবে মোড়কে ঘোষিত তথ্য অনুযায়ী সঠিক ওজন নিশ্চিত করে পণ্য উৎপাদন ও বাজারজাত করার কঠোর নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সার্বিক সহায়তা প্রদান করে। অভিযানে প্রসিকিউটর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার সুমাইয়া আফরোজ লিজা; এ সময় উপস্থিত ছিলেন মেট্রোলজি পরিদর্শক রাভী মোহাম্মদ ইতমাম। সংস্থাটি জানিয়েছে, সাধারণ ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং বাজারে ন্যায্য প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
