হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) দেশে হাম ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি চারজনের মধ্যে ছিল হামের উপসর্গ। একই সময়ে সারা দেশে নতুন করে ৯৬৯ শিশু হাম বা এর উপসর্গে আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে ৯০ জনের দেহে হাম নিশ্চিত করা হয়েছে। মৃতদের মধ্যে হাম শনাক্ত হওয়া শিশুটি ঢাকায় মারা গেছে; অন্যদিকে উপসর্গ নিয়ে ঢাকায় দুইজন এবং সিলেট ও বরিশালে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৬৪ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৪ শিশু। এ পর্যন্ত মোট ৭৫৮ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ১১ হাজার ৪৮০ শিশুর। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০০ শিশুর। হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক লাখ ২৪ হাজার ৯৮০ শিশু। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯০ হাজার ৬০৫ শিশু। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৮৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আর এ সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৪৩ জন শিশু।