হানিফ বিরিয়ানি মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পরীক্ষাগারে হানিফ বিরিয়ানির নিজেদের তৈরী শাহী বোরহানী মানসম্পন্ন না হওয়ায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইমতিয়াজ উদ্দিন রহিদের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা করেছেন নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাং কামরুল হাসান। সোমবার (৪ মে) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খাদ্য আদালতের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে হানিফ বিরিয়ানির স্বত্বাধিকারী ইমতিয়াজ উদ্দিন রহিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৬ ও ৩৩ ধারা লঙ্ঘন করায় ৫৮ ধারায় এ মামলা করা হয়। মামলার বাদি মোহাং কামরুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, হানিফ বিরিয়ানির নিজেদের তৈরী শাহী বোরহানী মানসম্পন্ন নয় সন্দেহ হওয়ায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক প্রসিকিউশনের ক্ষমতাপ্রাপ্ত হয়ে বাদি গত ১৫ এপ্রিল দুপুর ১২ট ৫৫ মিনিটে হানিফ বিরিয়ানি, ৭৭ মতিঝিল, বি জি এ ভবন থেকে নমুনা সংগ্রহ করেন। উক্ত নমুনাটি চার ভাগে বিভক্ত করে একটি অংশ বিক্রেতাকে প্রদান, একটি অংশ সংরক্ষণ এবং অপর দুই ভাগ পরীক্ষার জন্য জনস্বাস্থ্য খাদ্য পরীক্ষাগারে প্রেরণ করা হয়। পরবর্তীতে পরীক্ষাগারে খাদ্য বিশ্লেষক ইলিয়াছ জাহেদী স্বাক্ষরিত পরীক্ষার রিপোর্টে দেখা যায় যে, উক্ত বোরহানী মানসম্মত নয়।

উল্লেখ্য, নমুনা সংগ্রহের সময় প্রয়োজনীয় কাগজপত্র বিক্রেতা প্রতিষ্ঠানের ম্যানেজারের নিকট হতে গ্রহণ করা হয় এবং পরিদর্শনকালে প্রতিষ্ঠানের কর্মচারীরা উপস্থিত ছিলেন। তাদের নিকট হতে ভিডিও ও লিখিত জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

হানিফ বিরিয়ানির নিজেদের তৈরী শাহী বোরহানী মানসম্মত নয় প্রতীয়মান হওয়ায় এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৬ ও ৩৩ ধারার লঙ্ঘন করায় ৫৮ ধারায় এ মামলা করেন তিনি।