দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেনকে অবশেষে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ এর এক অফিস আদেশে তাকে অপসারণ করে মহাপরিদর্শক নিবন্ধন দপ্তরে সংযুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়।
আদেশে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণ এবং বিধি ৩(ঘ) অনুযায়ী দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা নং-০১/২০২৬ দায়ের করা হয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সাভার সাব-রেজিস্ট্রি অফিস থেকে সরিয়ে নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত রাখা হবে। পাশাপাশি তাকে দ্রুত বর্তমান দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (রেজিস্ট্রেশন) হাসান মাহমুদুল ইসলাম এবং সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আযিজুর রহমানের যৌথ স্বাক্ষরে জারি করা হয়।এ বিষয়ে জানতে সাব-রেজিস্ট্রার জাকির হোসেনকে একাধিকবার মুঠোফোনে ফোন করলেও তিনি রিসিভ করেননি।
প্রসঙ্গত; সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেন জমির শ্রেণী পরিবর্তন, ভূয়া দাতা সাজিয়ে জাল দলিল, সরকারের লাখ লাখ টাকা রাজস্ব ফাঁকি, পে-অর্ডার জালিয়াতির মাধ্যমে নিজে হাতিয়ে নিচ্ছেন বিপুল অংকের টাকা।সাভার উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সাভারের বিলামালিয়া মৌজা এবং বড় বরদেশী মৌজার সিলিকন সিটির জমি রেজিষ্ট্রেশন, মিউটেশনের উপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।
গত ২ বছর ধরে আদালতের আদেশ বলবৎ থাকলেও সাব-রেজিস্ট্রার জাকির হোসেন সাভারে আসার পর উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে গোপনে লাখ লাখ টাকা নিয়ে দলিল সম্পাদন করছে। সাব-রেজিস্ট্রারের অনিয়ম দুর্নীতি নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ফলাও করে সংবাদ প্রচার হলে নড়েচড়ে বসে প্রশাসন। আইন মন্ত্রণালয় থেকে গঠন করা হয় এক সদস্যের একটি তদন্ত কমিটি।
