পরীক্ষাগারে তৈরি ‘সৃষ্টি’ টমেটো সস মানসম্মত না হওয়ায় রিযিক ক্যাটারিংয়ের স্বত্বাধিকারী শেখ জিনিয়া আক্তার নিপুর বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা করা হয়েছে। নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাং কামরুল হাসান সোমবার (৪ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খাদ্য আদালতের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক শেখ জিনিয়া আক্তার নিপুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৬ ও ৩৩ ধারা লঙ্ঘন করায় ৫৮ ধারায় এ মামলা করা হয়। মামলার বাদি মোহাং কামরুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, রিযিক ক্যাটারিংয়ের উৎপাদিত সৃষ্টি টমেটো সস মানমম্মত নয় সন্দেহ হওয়ায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক প্রসিকিউশনের ক্ষমতাপ্রাপ্ত হয়ে বাদি মোহাং কামরুল হাসান গত ২২ এপ্রিল দুপুর ১.৩০ ঘটিকায় রিযিক ক্যাটারিং, ১২, পুরানা পল্টন মোড়, এল মসজিদ কমপ্লেক্স, থানা পল্টন, ঢাকা-১০০০ এর প্রতিষ্ঠান হতে টমেটো সসের নমুনা সংগ্রহ করেন।
পরবর্তীতে নমুনাটি চার ভাগে বিভক্ত করে একটি অংশ বিক্রেতাকে প্রদান, একটি অংশ সংরক্ষণ এবং অপর দুই অংশ পরীক্ষার জন্য জনস্বাস্থ্য খাদ্য পরীক্ষাগারে প্রেরণ করা হয়। পরবর্তীতে পরীক্ষাগারে খাদ্য বিশ্লেষক ইলিয়াছ জাহেদী স্বাক্ষরিত পরীক্ষার রিপোর্টে দেখা যায় যে, উক্ত টমেটো সস মানসম্মত নয়।
উল্লেখ্য, নমুনা সংগ্রহের সময় প্রয়োজনীয় কাগজপত্র বিক্রেতা প্রতিষ্ঠানের ম্যানেজারের নিকট হতে গ্রহণ করা হয় এবং পরিদর্শনকালে প্রতিষ্ঠানের কর্মচারীরা উপস্থিত ছিলেন। তাদের নিকট হতে লিখিত জবানবন্দিও গ্রহণ করা হয়েছে।
পরীক্ষায় রিযিক ক্যাটারিংয়ের উৎপাদিত সৃষ্টি টমেটো সস মানমম্মত নয় প্রতীয়মান হওয়ায় এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৬ ও ৩৩ ধারার লঙ্ঘন করায় ৫৮ ধারায় এ মামলা করেন তিনি।
