রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট ) সকাল সাড়ে ১০টায় তিনি সেখানে পৌঁছান।
সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সম্মেলনের আয়োজন করেছে। এতে আরও উপস্থিত রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকারের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, পেছনে যেতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই। সবাইকে নিয়ে সামনে যেতে চাই। সামনে যেতে হলে সবাইকে একত্রে কাজ করতে হবে। রাজস্ব কর্মকর্তাদের শাস্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে জানিয়ে তিনি বলেন, একটি দেশ একটি পরিবারের মতো। সেখানে রাজস্ব বিভাগ অন্যতম প্রধান ভূমিকা পালন করে।
তিনি বলেন, যেটি অতীতে হয়ে গেছে, সেটা হয়ে গেছে। আমরা সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আপনারা সরকারের কাছে যা চাইছেন, সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজ করার সুযোগ দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা সৎ, দক্ষ, তাদের আমরা আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই। সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এনবিআরের চেয়ারম্যান আহসান হাবিব যোগ দিয়েছেন। সম্মেলনে রাজস্ব বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে। এছাড়া রাজস্ব কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নে সরাসরি জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী।
