রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি

বিচারাদেশ জারি

রহিম গ্রুপের প্রতিষ্ঠান রহিম এনার্জি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৭০ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে নারায়নগঞ্জ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। ফাঁকি প্রমাণিত হওয়ায় বিচারাদেশ জারি করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) এনবিআর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাঁচপুর সোনারগাঁও এলাকায় অবস্থিত রহিম এনার্জি লিমিটেড নারায়নগঞ্জ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আওতাধীন বিদ্যুৎ উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিদ্যুৎ উৎপাদন করে রহিম গ্রুপের ছয়টি সহযোগী প্রতিষ্ঠানের নিকট সরাসরি বিদ্যুৎ সরবরাহ (বিতরণ) করে থাকে। কিন্তু প্রতিষ্ঠানটি ২০২১ সালের মে হতে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ বিতরণ করে থাকলেও মাত্র ২২ লাখ ৫৬ হাজার ২৪৩ টাকা ভ্যাট সরকারি কোষাগারে জমা প্রদান করেন। ওই সময়ে মোট সেবা মূল্যের পরিমাণ ৯৪০ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৫১৩ টাকা। এই মূল্যের বিপরীতে ৫ শতাংশ হারে প্রযোজ্য মূল্য সংযোজন করের পরিমাণ ৪৭ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৬৭৫ টাকা।

অর্থাৎ অপরিশোধিত মূসকের পরিমাণ ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা, যা পরিশোধ না করায় নারায়নগঞ্জ ভ্যাট কমিশনারেট থেকে মূসক ফাঁকির মামলা দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে এই প্রতিষ্ঠানের বিপরীতে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে শুনানিতে আহ্বান করা হলে প্রতিষ্ঠান কোন সন্তোষজনক জবাব প্রদান করতে পারেননি। উভয় পক্ষের শুনানি শেষে ২৫ নভেম্বর এই প্রতিষ্ঠানের বিপরীতে অপরিশোধিত মূসক বাবদ ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা এবং জরিমানা বাবদ ২৩ কোটি ৫০ লাখ টাকাসহ মোট ৭০ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা নির্ধারণপূর্বক চূড়ান্ত কর নির্ধারণী আদেশ জারি করা হয়।