কারখানায় নিয়োগ কমছে, শিল্প কার্যক্রমে স্থবিরতা অব্যাহত

তীব্র জ্বালানি সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে দেশের উৎপাদন খাত গতি ফিরে পেতে হিমশিম খাচ্ছে। শিল্প উৎপাদন স্থবির হয়ে পড়ায় কারখানাগুলো নতুন কর্মী নিয়োগ কমিয়ে দিচ্ছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অভ ইন্ডাস্ট্রিজের (বিসিআই) এক যৌথ জরিপে এ তথ্য উঠে এসেছে। ১৩০টি কারখানার ওপর পরিচালিত জরিপ অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে মাঝারি ও বৃহৎ শিল্পে প্রকৃত উৎপাদন আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ০.৪ শতাংশ কমেছে।

জরিপের ফলাফলে দেখা গেছে, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অভাব, কাঁচামাল ও উপকরণের বাড়তি খরচ এবং ব্যবসায়িক আস্থার ঘাটতির কারণে উৎপাদনকারীদের ওপর চাপ বাড়ছে। ফলে নতুন যন্ত্রপাতিতে বিনিয়োগে প্রতিষ্ঠানগুলোর অনাগ্রহ ক্রমেই বাড়ছে। সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে উঠে এসেছে বিদ্যুৎ ও জ্বালানি সংকট। ৯৩ শতাংশ কারখানা ব্যবসার প্রধান তিন প্রতিবন্ধকতার একটি হিসেবে একে চিহ্নিত করেছে। প্রায় প্রতি পাঁচটির মধ্যে চারটি কারখানা জ্বালানি সরবরাহকেই তাদের একক বৃহত্তম সমস্যা বলেছে।

জরিপের এই চিত্র সরকারি তথ্যের সঙ্গে সাংঘর্ষিক। সরকারি পরিসংখ্যানে ওই প্রান্তিকে রপ্তানি প্রবৃদ্ধির কথা বলা হলেও বাস্তবে রপ্তানি আয় ও কারখানার প্রকৃত উৎপাদনের মধ্যকার ক্রমবর্ধমান ব্যবধানই জরিপে স্পষ্ট হয়ে উঠেছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএস মিলনায়তনে গবেষণাটি উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক কাজী ইকবাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

কারখানায় নিয়োগ ও বিনিয়োগ কমছে

এই গতিমন্থরতার প্রভাব কর্মসংস্থান ও বিনিয়োগ সিদ্ধান্তে ক্রমেই স্পষ্ট হচ্ছে। জরিপের আওতায় আসা ১৩০ কারখানায় ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কর্মী ছিলেন ১ লাখ ৩৫ হাজার ৭০০ জন। ২০২৫ সালের একই প্রান্তিকে এ সংখ্যা ছিল ১ লাখ ৩৭ হাজার ১০০ জন। অর্থাৎ কর্মী কমেছে প্রায় ১ শতাংশ। এক প্রান্তিকে কারখানাপ্রতি গড় নতুন নিয়োগ ৩৯ জন থেকে কমে ৩২ জনে নেমেছে, অর্থাৎ ১৯ শতাংশ কমেছে। কাছাকাছি হারে কমেছে কারখানা ছেড়ে যাওয়া কর্মীর সংখ্যাও। এ থেকে বোঝা যায়, কর্মী চলে যাওয়া উল্লেখযোগ্যভাবে বাড়েনি; বরং প্রতিষ্ঠানগুলো নিজেরাই কম কর্মী নিয়োগ দিচ্ছে।

কারখানাগুলো ২০২৭ সালে ৭ হাজার ৬৯১ জন কর্মী নিয়োগের পরিকল্পনা করছে। ২০২৫ সালে নিয়োগ দেওয়া হয়েছিল ১২ হাজার ৩৭৯ জন, অর্থাৎ পরিকল্পিত নিয়োগ তার চেয়ে অনেক কম। যন্ত্রপাতিতে বিনিয়োগ কমেছে আরও বেশি। ২০২৫ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কারখানাপ্রতি গড়ে ১ কোটি ৭৬ লাখ টাকার যন্ত্রপাতি কেনা হয়েছিল। ২০২৬ সালের একই প্রান্তিকে তা নেমে এসেছে ১১ লাখ টাকায়, অর্থাৎ কমেছে প্রায় ৯৪ শতাংশ। জরিপ অনুযায়ী, ওষুধ ও রাসায়নিক খাত ছাড়া প্রায় সব খাতেই এই পতন দেখা গেছে।

জ্বালানি সংকটে বাড়ছে উৎপাদন খরচ

জ্বালানি সংকট উৎপাদনকারীদের ওপর চাপ আরও বাড়িয়ে তুলছে বলে মনে হচ্ছে। এ প্রান্তিকে কারখানাগুলোতে দিনে গড়ে ৪.১ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, যা ২০২৫ সালের দ্বিগুণ। পাইপলাইনের গ্যাস ব্যবহারকারী কারখানাগুলোতে গ্যাস সরবরাহে বিঘ্নের সময় দিনে ০.৯ ঘণ্টা থেকে বেড়ে ৩.২ ঘণ্টায় দাঁড়িয়েছে, যা প্রায় চার গুণ। বিদ্যুৎ সরবরাহে সন্তুষ্ট মাত্র ৭ শতাংশ কারখানা, যেখানে ২০২৫ সালে এ হার ছিল ৩৮ শতাংশ। গ্যাস সরবরাহে সন্তুষ্টিও ৭০ শতাংশ থেকে নেমে ১৭ শতাংশে দাঁড়িয়েছে। এসব বিঘ্নের কারণে উৎপাদনকারীরা বেশি দামের বিকল্প জ্বালানির ওপর আরও নির্ভরশীল হয়ে পড়েছেন।

কারখানাপ্রতি গড় ত্রৈমাসিক জ্বালানি ব্যয় ৫ শতাংশ বেড়ে ৩ কোটি ৩২ লাখ টাকায় দাঁড়িয়েছে। এর মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসে ব্যয় বেড়েছে ২৫ শতাংশ। জেনারেটরের জ্বালানি খরচ বেড়েছে ১৫ শতাংশ, বিদ্যুৎ বিল বেড়েছে ৮ শতাংশ। কাঁচামালের খরচও বড় দুশ্চিন্তার কারণ হয়ে আছে। ৯৪ শতাংশ কারখানা কাঁচামালের দাম বাড়ার কথা জানিয়েছে। কারখানাপ্রতি গড় ত্রৈমাসিক কাঁচামাল ব্যয় ২ শতাংশ বেড়ে ৮৭ কোটি ৬০ লাখ টাকায় পৌঁছেছে। কাঁচামাল ব্যয়ের তিন-চতুর্থাংশের বেশি যায় আমদানি করা উপকরণে। ফলে আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা এবং আমদানি সরবরাহ ব্যবস্থার বিঘ্নের ঝুঁকিতে থাকছেন উৎপাদনকারীরা।

সবচেয়ে বেশি পতন টেক্সটাইল খাতে

গতিমন্থরতা সবচেয়ে প্রকট টেক্সটাইল খাতে। এ খাতে প্রকৃত উৎপাদন কমেছে ২০ শতাংশ। সক্ষমতার ব্যবহার ৭৩ শতাংশ থেকে নেমে এসেছে ৫৫ শতাংশে। খাদ্য প্রক্রিয়াকরণ খাতে উৎপাদন কমেছে ৯ শতাংশ, সিমেন্ট ও সিরামিক খাতে ৬ শতাংশ। বিপরীতে অটোমোবাইল উৎপাদন বেড়েছে ২২ শতাংশ, পাট ১৩ শতাংশ ও আসবাব ৮ শতাংশ। তৈরি পোশাক উৎপাদনে সামান্য, ২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। সামগ্রিকভাবে কারখানাগুলোর গড় সক্ষমতার ব্যবহার ২০২৫ সালের ৬৭ শতাংশ থেকে কমে ২০২৬ সালের এপ্রিল-জুনে ৬৬ শতাংশে নেমেছে। সক্ষমতার অর্ধেকেরও কম ব্যবহার করে চলা কারখানার সংখ্যা ১৯টি থেকে বেড়ে ২৮টিতে দাঁড়িয়েছে।

ব্যবসায়িক আস্থা এখনো দুর্বল

ব্যবসায়িক আস্থার সূচকগুলো উৎপাদনকারীদের মধ্যে চলমান অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। জরিপে ব্যবহৃত মানদণ্ডে ৫০ পয়েন্ট মানে অবস্থায় কোনো পরিবর্তন নেই। ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ পরিমাপের সূচক দাঁড়িয়েছে ৩৪-এ, অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা সূচক ৩৬-এ। অর্থাৎ ইতিবাচক মূল্যায়নের চেয়ে নেতিবাচক মূল্যায়নই বেশি। মুনাফার চিত্র বিশেষভাবে দুর্বল। ৬১ শতাংশ কারখানা জানিয়েছে, তিন মাস আগের তুলনায় তাদের মুনাফা কমেছে। তবে আগামী প্রান্তিকে কিছুটা উন্নতির আশা করছেন উৎপাদনকারীরা। ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের প্রত্যাশিত উৎপাদন সূচক ৫৪, যা কার্যক্রমে সামান্য বৃদ্ধির ইঙ্গিত দেয়।

শিল্প প্রবৃদ্ধির সতর্ক মূল্যায়ন

সাম্প্রতিক শিল্প কর্মক্ষমতা নিয়ে সরকারি উৎপাদন পরিসংখ্যানের তুলনায় এই জরিপের মূল্যায়ন বেশি সতর্ক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বৃহৎ শিল্প উৎপাদন সূচকে ২০২৬ সালের এপ্রিল-জুনে আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ প্রবৃদ্ধি দেখানো হয়েছে। অথচ বিআইডিএস-বিসিআই জরিপে দেখা গেছে, উৎপাদন ২০২৫ সালের গড় ত্রৈমাসিক মাত্রার চেয়ে সামান্য নিচে রয়েছে। তবে এই তুলনা কিছুটা জটিল। কারণ ২০২৫ সালের এপ্রিল-জুন সময়ে দুটি ঈদের ছুটি ছিল। এতে কারখানার কার্যক্রম ব্যাহত হয় এবং উৎপাদন কমে যায়।

বিআইডিএস-বিসিআই জরিপে ১৪টি শিল্প খাত অন্তর্ভুক্ত করা হয়েছে, যা মাঝারি ও বৃহৎ শিল্পের মোট উৎপাদনের প্রায় ৯০ শতাংশ। জরিপের প্রথম ত্রৈমাসিক ফলাফল ১৩০টি কারখানার সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি। অনুষ্ঠানে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, এই জরিপের মাধ্যমে শেষপর্যন্ত শিল্প উৎপাদন, উপকরণ ব্যয়, কর্মসংস্থান ও ব্যবসায়িক মনোভাব পর্যবেক্ষণের জন্য একগুচ্ছ ত্রৈমাসিক সূচক তৈরি করা হবে। সমন্বিত সূচকগুলো প্রতিষ্ঠা করতে কয়েক দফা তথ্য সংগ্রহ প্রয়োজন হবে বলে জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশের মতো জনবহুল দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে উৎপাদনশীল শিল্পের বিকল্প নেই। শুধু তৈরি পোশাক খাতের ওপর নির্ভর করে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হবে না।

শিল্প খাতের বহুমুখীকরণ, নতুন বিনিয়োগ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানোর আহ্বান জানান তিনি। বিসিআই সভাপতি আরও বলেন, বিশেষ করে এলডিসি থেকে উত্তরণের পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে দেশীয় শিল্পের সক্ষমতা বাড়ানো জরুরি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, দেশবন্ধু সিমেন্ট মিলসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ও বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম শাহাদাত হোসেন সোহেল।