নিবন্ধনের ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে আবেদন বাতিল

নিবন্ধনের ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বাসসকে এ তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে যাঁরা বায়োমেট্রিক তথ্য দিচ্ছেন না, তাঁদের আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকছে। এতে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা বাড়ছে, কাজের অগ্রগতি হচ্ছে না। এ কারণে সমন্বয় কমিটির বৈঠকে এ ধরনের আবেদন নিষ্পত্তির জন্য ছয় মাস সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দেওয়ায় আবেদন বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তি পরবর্তী সময়ে আবার আবেদন করতে পারবেন বলে উল্লেখ করেন আখতার আহমেদ। ইসি সচিব বলেন, অনির্দিষ্টকাল আবেদন পেন্ডিং (নিষ্পত্তির অপেক্ষায়) অবস্থায় রাখার সুযোগ নেই। তাই বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকা প্রয়োজন।

এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম বলেন, অনলাইনে এনআইডি আবেদন করার পর আবেদনকারীকে বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য এসএমএস পাঠানো বা ডেকে পাঠানো হয়। কিন্তু কেউ সাড়া না দিলে এবং ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে তাঁর আবেদনটি বাতিল করা হবে। কারণ, কোনো আবেদন বছরের পর বছর অনিষ্পন্ন অবস্থায় রাখা সম্ভব নয়।

তবে এই পদক্ষেপে নাগরিকের এনআইডি পাওয়ার সুযোগ বন্ধ হবে না। সংশ্লিষ্ট ব্যক্তি পরবর্তী সময়ে চাইলে নতুন করে আবেদন করতে পারবেন। সাইফুল ইসলাম জানান, এখন পর্যন্ত ইসিতে ৬৫ লাখ ১৫ হাজার ৮৪২টি এনআইডি সংশোধন আবেদনের করা হয়েছে। এর মধ্যে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ১ লাখ ১৯ হাজার ৮৭৪টি আবেদন। অন্য সব আবেদন নিষ্পত্তি করা হয়েছে।