মোবাইল ফোন ও ইন্টারনেটসহ টেলিযোগাযোগ সেবার মান, সমস্যা ও সংশ্লিষ্ট বিষয়ে গ্রাহকদের প্রশ্ন, মতামত ও পরামর্শ শুনতে গণশুনানির আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। আগামী ২৩ ডিসেম্বর অনলাইন ও সরাসরি উপস্থিতির (হাইব্রিড) মাধ্যমে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।
গণশুনানিতে অংশ নিতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আগামী ২৮ নভেম্বরের মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে। সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিটিআরসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণশুনানির অনলাইন কার্যক্রম সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে অনলাইনে অংশগ্রহণের সুযোগ নির্ভর করবে ব্যবস্থাটির সর্বোচ্চ ধারণক্ষমতার ওপর। আগ্রহীরা টেলিযোগাযোগ সেবা ও সংশ্লিষ্ট বিষয়ে তাঁদের প্রশ্ন, মতামত ও পরামর্শ নির্ধারিত ওয়েব লিংকের মাধ্যমে পাঠাতে পারবেন।
বিটিআরসি জানিয়েছে, নিবন্ধনকারীদের কাছ থেকে পাওয়া প্রশ্ন ও বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা পর্যালোচনা করে নির্বাচিত ও যৌক্তিক প্রশ্নকারী এবং অংশগ্রহণকারীদের গণশুনানিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। তাদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় পরিচিতি নম্বর (আইডি) ও পাসওয়ার্ড পরবর্তী সময়ে ই-মেইল অথবা খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।
