চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত এক যাত্রীর কাছ থেকে ২ কেজি ১৬০ গ্রাম সোনা উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)। উদ্ধারকৃত সোনার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা। আটক ব্যক্তি মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী, যার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়।
সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের এফজেড-৪৬৩ ফ্লাইটে ওই যাত্রী শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস হলের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় এনএসআই ও ডিজিএফআইয়ের সদস্যরা তাঁকে তল্লাশি করেন। তল্লাশির এক পর্যায়ে তাঁর পাজামার বেল্ট ও অন্তর্বাসের ভেতরে বিশেষভাবে লুকানো স্বর্ণালংকার ও গলিত সোনা উদ্ধার করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা সোনা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে সোনা চোরাচালানের অভিযোগে আটক যাত্রীর বিরুদ্ধে মামলা হবে।
