মৌলভীবাজারে বজ্রপাতে ১৪ গরুর মৃত্যু

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বজ্রপাতে চা-শ্রমিকদের বেশ কয়েকটি পরিবারের ১৪টি গরু ও একটি মহিষ মারা গেছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের তথ্যমতে, দুপুরে কুচাই জ্বালাই মাঠে কাছাকাছি চরতে থাকা গরুগুলোর ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই ১৪টি গরুর মৃত্যু হয়। একই সময়ে পার্শ্ববর্তী পাথরটিলা এলাকায় পৃথক আরেকটি বজ্রপাতে একটি মহিষও মারা যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। বজ্রপাতে চারটি গরু হারানো চা-শ্রমিক সুমন গড় বলেন, এই গরুগুলোই ছিল আমার শেষ সম্বল। একসঙ্গে সব হারিয়ে এখন আমি নিঃস্ব হয়ে পড়েছি। তিনটি গরু হারানো আরেক চা-শ্রমিক মিতালি রাজভর জানান, অনেক কষ্ট করে জমানো টাকা দিয়ে একটি গরু কিনেছিলাম। কিছুক্ষণ আগে গরুগুলো মাঠে ছেড়ে বাড়িতে ফিরি। হঠাৎ শুনি বজ্রপাতে আমার তিনটি গরুই মারা গেছে। আমার সব স্বপ্ন ভেঙে গেল।

মহিষের মালিক কৃষক আব্দুল গফফার বলেন, অনেক কষ্ট করে টাকা জমিয়ে মহিষটি কিনেছিলাম। কোরবানির পশুর হাটে ১ লাখ ৬০ হাজার টাকা দাম উঠেছিল, কিন্তু আমি ২ লাখ টাকা আশা করেছিলাম। ঘটনার পর ঘটনাস্থল গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কাইয়ূম। ঘটনার পরপরই মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন আহমেদ মিঠুকে বিষয়টি অবহিত করা হয়।

এমপি নাছির উদ্দিন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট আমি অনুভব করি। ক্ষয়ক্ষতির বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে। জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর জানান, ক্ষতিগ্রস্তদের নাম সংগ্রহ করা হচ্ছে। প্রশাসন থেকে তাদের সহযোগিতা করা হবে।