ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল

দেশে ভোটারের সংখ্যা বর্তমানে ১২ কোটি ৮৩ লাখ ছাড়িয়েছে। বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) সাইফুল ইসলাম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। সেদিন ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। ইসি কর্মকর্তারা জানান, গত ২৪ নভেম্বরের পরে যারা ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তারাই তালিকায় যুক্ত হয়েছেন।

১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের পরও ভোটার হালনাগাদ কার্যক্রম চলমান ছিল। ৩১ মার্চ পর্যন্ত যারা নতুন করে নিবন্ধন করেছেন, তাদের অন্তর্ভুক্ত করেই বৃহস্পতিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে চার মাসে ভোটার সংখ্যা বেড়েছে ৬ লাখ ২৮ হাজার। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ২০ এপ্রিল খসড়া তালিকা প্রকাশ করা হয়। এরপর ভুল সংশোধন ও স্থানান্তরের আবেদন গ্রহণ করা হয় ৩ মে পর্যন্ত। এসব আবেদনের নিষ্পত্তির সময়সীমা শেষ হয় ৬ মে।

বৃহস্পতিবার চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা জানিয়ে এনআইডি অনুবিভাগের পরিচালক সাইফুল ইসলাম জানান, বর্তমান ভোটারদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন; নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ১ হাজার ২৪৩ জন।