চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে। বুধবার (১৩ মে) দিবাগত রাতে শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, তল্লাশিতে সর্বমোট ১ হাজার ১২৮ কার্টন মন্ড ব্র্যান্ডের সিগারেট এবং ২০০ পিস আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সিগারেট থেকে সম্ভাব্য রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় ২২ লাখ ৫৬ হাজার টাকা। এসব অবৈধ পণ্য বহনের সঙ্গে জড়িত যাত্রীরা হলেন কক্সবাজারের চকরিয়ার সেলিম উল্লাহ, নোয়াখালীর হাতিয়ার মো. রায়হান উদ্দিন এবং চট্টগ্রামের পটিয়ার মো. মনসুরুল আলম।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, জব্দকৃত পণ্যের চালান চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে সংশ্লিষ্ট তিন যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখার পক্ষ থেকে মৌখিক সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা, কাস্টমসসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত থাকবে।
