বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের থাকা নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে পর্ষদে এক পরিবারের সদস্যসংখ্যা কমানো, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানো এবং পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার প্রস্তাব করা হয়েছে। ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় এসব পরিবর্তন আনা হচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে। এতে ব্যাংকের পরিচালনা পর্ষদে রাজনৈতিক প্রভাব কমানোসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে আইন সংশোধনের যে উদ্যোগ নিয়েছিল, তার অধিকাংশ সুপারিশই নতুন খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহেই খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। পরে অনুমোদনের জন্য তা মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।
খসড়া অনুযায়ী, মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিরা কোনো ব্যাংকের পরিচালক হতে পারবেন না। একইভাবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রেও রাজনৈতিক পদে থাকা ব্যক্তিদের অযোগ্য বিবেচনা করা হবে। ব্যাংক পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ কমানোর লক্ষ্যেই এ প্রস্তাব করা হয়েছে।
বর্তমান ব্যাংক কোম্পানি আইনে পরিচালনা পর্ষদে মন্ত্রী ও সংসদ সদস্যদের থাকার বিষয়ে সরাসরি নিষেধাজ্ঞা নেই। তবে মন্ত্রীদের ক্ষেত্রে সংবিধানের ১৪৭ অনুচ্ছেদে বিধিনিষেধ রয়েছে। এ অনুচ্ছেদের (৩) উপ-অনুচ্ছেদ অনুযায়ী, মন্ত্রিসভার কোনো সদস্য লাভজনক পদে থাকতে পারবেন না। পাশাপাশি মুনাফার উদ্দেশ্যে পরিচালিত কোনো কোম্পানি, সমিতি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনায় অংশ নিতে পারবেন না। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে রাজনৈতিক ব্যক্তিদের দূরে রাখাই ভালো।
এক পরিবার থেকে পরিচালক হবেন দুজন
ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সদস্যদের প্রভাব কমাতে তাঁদের সংখ্যা সীমিত করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে একটি পরিবার থেকে সর্বোচ্চ তিনজন সদস্য একই সময়ে একটি ব্যাংকের পরিচালক থাকতে পারেন। নতুন প্রস্তাবে এ সংখ্যা কমিয়ে দুজন করার কথা বলা হয়েছে। এ ছাড়া একই পরিবারের স্বার্থসংশ্লিষ্ট বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান থেকে পর্ষদে প্রতিনিধি পরিচালক রাখার সুযোগ দুজনের পরিবর্তে একজন করার প্রস্তাব রয়েছে।
আগের আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপ, বেক্সিমকো, প্রিমিয়ার গ্রুপ ও সিকদার গ্রুপসহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। এসব গোষ্ঠীর প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের পাশাপাশি স্ত্রী বা স্বামী, সন্তান, জামাতা ও নিকটাত্মীয়দের ব্যাংকের পরিচালনা পর্ষদে স্থান দিতেন। ফলে ব্যাংক পরিচালনায় পারিবারিক নিয়ন্ত্রণ ও প্রভাব বেড়ে যায়। এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পরিচালকের সংখ্যা কমানোর প্রস্তাব করা হয়েছে।
পরিচালকদের একটানা মেয়াদ কমছে ছয় বছরে
ব্যাংকের পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার প্রস্তাব রয়েছে। আগে পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ছয় বছর ছিল। ২০১৮ সালের সংশোধনীতে তা বাড়িয়ে নয় বছর এবং ২০২৩ সালে আরও বাড়িয়ে ১২ বছর করা হয়। নতুন প্রস্তাব অনুযায়ী, কোনো পরিচালক একটানা ছয় বছর দায়িত্ব পালনের পর পরবর্তী তিন বছর একই ব্যাংকের পরিচালক হতে পারবেন না। এ বিষয়ে বিএবি চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, তাঁরা পরিচালকদের মেয়াদ নয় বছর করার প্রস্তাব দিয়েছিলেন। তবে ছয় বছরের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়বে
ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে সর্বোচ্চ ২০ সদস্যের পর্ষদে দুই থেকে তিনজন স্বতন্ত্র পরিচালক রাখার বিধান রয়েছে। নতুন প্রস্তাবে এ সংখ্যা বাড়িয়ে তিন থেকে চারজন করার কথা বলা হয়েছে। ২০ জনের কম সদস্যের পর্ষদে বর্তমানে দুজন স্বতন্ত্র পরিচালক থাকা বাধ্যতামূলক। নতুন নিয়মে এ সংখ্যা বাড়িয়ে তিনজন করার প্রস্তাব রয়েছে। স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শেয়ারহোল্ডারদের প্রভাবমুক্ত থাকার বিষয়টিও স্পষ্ট করা হচ্ছে। ব্যাংকের সঙ্গে অতীত, বর্তমান কিংবা ভবিষ্যতে স্বার্থসংশ্লিষ্টতা রয়েছে—এমন কাউকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ না দেওয়ার বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
কৌশলগত বিনিয়োগকারীদের জন্য শেয়ার কেনায় ছাড়
ব্যাংকের মালিকানায় কৌশলগত বিনিয়োগকারী আকৃষ্ট করতে শেয়ার ধারণের সীমা শিথিল করার প্রস্তাব রয়েছে। বর্তমানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা একই পরিবারের সদস্যরা সরাসরি কিংবা পরোক্ষভাবে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার কিনতে পারেন না। নতুন প্রস্তাবে ব্যাংক খাতের স্বার্থ বিবেচনায় কৌশলগত বিনিয়োগকারীদের ক্ষেত্রে এ সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার কথা বলা হয়েছে। এ ধরনের বিনিয়োগকারীর যোগ্যতা, উপযুক্ততা ও শর্ত নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ শেয়ার ধারণের সীমা বহাল থাকলেও বিশেষ বিনিয়োগকারীরা ব্যতিক্রমী সুবিধা পাবেন। বিএবি চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য বেশি সুবিধা রেখে দেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে কম সুযোগ দেওয়ার মতো বৈষম্য যেন তৈরি না হয়, সে দাবি তাঁরা জানিয়েছিলেন।
পরিচালক পদ ছাড়লেও ঋণ পরিশোধ বাধ্যতামূলক
ব্যাংকের পরিচালক থাকা অবস্থায় নেওয়া ঋণ পরিশোধের ক্ষেত্রেও কঠোর বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে কোনো পরিচালকের পদ শূন্য হলে তাঁর কাছে ব্যাংকের পাওনা অর্থ শেয়ার সমন্বয়ের মাধ্যমে আদায়ের বিধান রয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, পরিচালকের পদ শূন্য হওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে নেওয়া অগ্রিম বা ঋণের সম্পূর্ণ বকেয়া পরিশোধ করতে হবে। ঋণ পুনঃতফসিল কিংবা অন্য কোনো পদ্ধতিতে নিয়মিত করার সুযোগ থাকবে না। এ ছাড়া পরিচালনা পর্ষদের সভায় পরিচালকদের উপস্থিতি নিশ্চিত করতে নতুন বিধান যুক্ত হচ্ছে। কোনো পরিচালক টানা তিন মাসের বেশি সময় সভায় অনুপস্থিত থাকতে পারবেন না। তবে বছরে সর্বোচ্চ একবার এর চেয়ে বেশি সময় অনুপস্থিত থাকার অনুমতি পাবেন।
বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়ানোর প্রস্তাব
কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ আমানতকারীদের স্বার্থের পরিপন্থী কাজ করলে বাংলাদেশ ব্যাংক সেই পর্ষদ বাতিল করতে পারে। নতুন প্রস্তাবে কেন্দ্রীয় ব্যাংককে নিজের মতো করে নতুন পর্ষদ গঠনের ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে। প্রয়োজনে পর্ষদের মেয়াদ কমানো বা বাড়ানোর ক্ষমতাও পাবে বাংলাদেশ ব্যাংক। তবে কোনো পর্ষদের মেয়াদ তিন বছরের বেশি হবে না। নতুন পর্ষদ গঠনের পর পরবর্তী সাধারণ সভায় ব্যাংকের সদস্যদের মাধ্যমে পরিচালক নির্বাচনের বিধান যুক্ত করার প্রস্তাব রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারবে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকের সংঘবিধি বা পরিচালনাসংক্রান্ত মৌলিক নিয়ম পরিবর্তনের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি সনদ ছাড়া কোনো ব্যাংক কোম্পানির সংঘবিধি পরিবর্তনের আবেদন গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠানের পরিচালক হলে, ওই প্রতিষ্ঠানের ২০ শতাংশের বেশি শেয়ারের মালিক হলে কিংবা ঋণের জামিনদার হলে সেটিকে তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করার প্রস্তাব রয়েছে। বর্তমানে প্রয়োজনীয় হিসাব, বিবরণী বা তথ্য দিতে ব্যর্থ হলে কিংবা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করলে ২০ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। নতুন প্রস্তাবে সর্বনিম্ন জরিমানা বাড়িয়ে ৫০ হাজার টাকা করার কথা বলা হয়েছে। তবে সর্বোচ্চ জরিমানা পাঁচ লাখ টাকাই থাকছে।
আইন সংশোধনের উদ্যোগকে ইতিবাচক বললেন সাবেক গভর্নর
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে কয়েকটি ক্ষেত্রে আরও পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন তিনি। আহসান এইচ মনসুর বলেন, পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়িয়ে ৫০ শতাংশ করা উচিত। বিশ্বব্যাপী এ ধরনের চর্চা রয়েছে। পাশাপাশি কৌশলগত বিনিয়োগকারীদের জন্য আরও সুযোগ তৈরি করা প্রয়োজন। বিদেশি ও দেশি উভয় ধরনের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ২০, ৩০ এমনকি ১০০ শতাংশ পর্যন্ত শেয়ার কেনার সুযোগ দেওয়া যেতে পারে। তবে এ সুবিধা ব্যক্তির পরিবর্তে প্রতিষ্ঠানকে দেওয়া উচিত।
পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ছয় বছর করা এবং একই পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক রাখার প্রস্তাব তিনি গভর্নর থাকাকালে দিয়েছিলেন বলে জানান। তাঁর মতে, মন্ত্রী ও সংসদ সদস্যদের পাশাপাশি সাবেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বিচারপতি বা বিচারকদেরও ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগ দেওয়া উচিত নয়। এ ছাড়া ব্যাংক খাতের সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংক অর্ডার এবং সংকটাপন্ন সম্পদ ব্যবস্থাপনা আইনের মতো গুরুত্বপূর্ণ আইনও জাতীয় সংসদে পাস করা প্রয়োজন বলে মনে করেন সাবেক এই গভর্নর।
