শীতের আগমনের সঙ্গে সঙ্গে নাটোরের গ্রামাঞ্চলে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির ব্যস্ততা। ভোর হওয়ার আগেই গাছ থেকে রস নামাতে কাজে নেমে পড়ছেন গাছিরা। বাড়ির উঠানে মাটির চুলায় চলছে রস জ্বাল দিয়ে গুড় তৈরির প্রস্তুতি। রস সংগ্রহ, গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রির কাজে যুক্ত হচ্ছেন পরিবারের সদস্যরাও। সব মিলিয়ে খেজুরগাছকে কেন্দ্র করে জেলায় প্রায় ৩০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক মানুষের মৌসুমি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
শীতের এই ঐতিহ্যবাহী কর্মযজ্ঞ ঘিরে গড়ে উঠেছে শতকোটি টাকার অর্থনৈতিক কর্মকাণ্ড। নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় প্রায় ৪ লাখ ১৯ হাজার খেজুরগাছ থেকে রস সংগ্রহ করা সম্ভব হবে। এসব গাছ থেকে ৭ হাজার টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি গুড়ের সম্ভাব্য দাম ১৬৪ টাকা ৯০ পয়সা হিসাবে উৎপাদিত গুড়ের বাজারমূল্য দাঁড়াতে পারে প্রায় ১১৫ কোটি টাকা।
নাটোরের খেজুরের গুড়ের চাহিদা এখন শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ নেই। দেশের বিভিন্ন অঞ্চলেও ছড়িয়ে পড়েছে এ পণ্যের বাজার। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে যুক্ত হচ্ছেন শিক্ষিত তরুণ উদ্যোক্তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে পেজ খুলে গাছিদের কাছ থেকে গুড় কিনে অনলাইনে বিক্রি করছেন তাঁরা। এতে ঐতিহ্যবাহী এই পণ্যের বিপণনে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। তবে খেজুরগাছের সংখ্যা কমে যাওয়া, উৎপাদনসংকট ও ভেজাল গুড়ের দৌরাত্ম্য এ খাতের বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে।
কৃষি বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালে এ অঞ্চলে রস আহরণের উপযোগী খেজুরগাছ ছিল ১৭ লাখ ৪৩ হাজার ৩৬৬টি। গত পাঁচ বছরে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৭ লাখ ১ হাজার ৫০০টিতে। অর্থাৎ পাঁচ বছরে গাছ কমেছে ৪১ হাজার ৮৬৬টি। গাছের সংখ্যা কমে যাওয়ার প্রভাব পড়ছে গুড় উৎপাদনেও।
গত মৌসুমে নাটোরে ৭ হাজার ৭৮৪ টন গুড় উৎপাদিত হয়েছিল। এর আনুমানিক বাজারমূল্য ছিল ৯৩ কোটি ৪০ লাখ ৮০ হাজার টাকা। চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ হাজার টন। প্রতি কেজি ১৬৪ টাকা ৯০ পয়সা হিসাবে এর সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১১৫ কোটি টাকা।
জেলার সাত উপজেলার মধ্যে খেজুরগাছের সংখ্যায় শীর্ষে রয়েছে লালপুর। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, উপজেলাটিতে রস আহরণের উপযোগী খেজুরগাছ রয়েছে প্রায় ২ লাখ ৯০ হাজার ৫০০টি। দ্বিতীয় অবস্থানে রয়েছে গুরুদাসপুর। উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, সেখানে রস সংগ্রহের উপযোগী গাছের সংখ্যা ৭৫ হাজার ৯৪০টি। শীতের শুরু থেকে প্রায় ৭৫ দিন এসব গাছ থেকে রস সংগ্রহ করা যায়। এ কাজে গাছের পরিচর্যা, রস সংগ্রহ ও গুড় তৈরিসহ বিভিন্ন পর্যায়ে যুক্ত রয়েছেন প্রায় ৩ হাজার প্রান্তিক মানুষ।
গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম রাফিউল ইসলাম জানান, প্রতিটি গাছ থেকে গড়ে ১৭ দশমিক ৪০ কেজি গুড় উৎপাদনের হিসাবে উপজেলাটিতে মৌসুমজুড়ে প্রায় ১ হাজার ৩২২ টন গুড় তৈরি হয়। প্রতি কেজি ২০০ টাকা হিসাবে এর সম্ভাব্য বাজারমূল্য প্রায় ২৬ কোটি ৪৪ লাখ টাকা।
উপজেলাভেদে খেজুরগাছ থেকে রস ও গুড় উৎপাদনের পরিমাণেও পার্থক্য রয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, সিংড়ায় একটি গাছ থেকে প্রায় ১৪০ লিটার রস সংগ্রহ করে ২০ কেজি গুড় পাওয়া যায়। গুরুদাসপুরে ১৮০ লিটার রস থেকে উৎপাদিত হয় ১৮ কেজি গুড়। অন্যদিকে লালপুরে একটি গাছ থেকে সর্বোচ্চ ২৫০ লিটার রস সংগ্রহ করে প্রায় ২৫ কেজি গুড় তৈরি করা হয়।
নাটোরের খেজুরের গুড়ের সুনাম দীর্ঘদিনের। আগে স্থানীয় হাটবাজারেই গুড় বিক্রির প্রধান কার্যক্রম সীমাবদ্ধ ছিল। বর্তমানে অনলাইন বাণিজ্যের কারণে এ বাজারের পরিধি বাড়ছে। জেলার শিক্ষিত তরুণ-যুবকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে পেজ খুলে খাঁটি খেজুরের গুড় বিক্রি করছেন। শহরের ক্রেতাদের কাছে গ্রামের গুড় পৌঁছে দিতে গাছিদের সঙ্গে চুক্তি করে আগাম গুড় কিনছেন তাঁরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অনলাইন বিক্রেতা জানান, তাঁরা গাছিদের কাছ থেকে প্রতি কেজি গুড় ২২০ থেকে ২৫০ টাকা দরে কেনেন। পরে অনলাইনে তা ৩০০ থেকে ৩৮০ টাকা পর্যন্ত দামে বিক্রি করেন। উদ্যোক্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, জেলাজুড়ে এ ধরনের অনলাইন গুড় ব্যবসায়ীর সংখ্যা ২৫০ থেকে ৪০০। শীত বাড়ার সঙ্গে সঙ্গে গুড়ের বিক্রিও বাড়তে থাকে।
রাজশাহী বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান বলেন, এ অঞ্চলের গাছিরা ইতিমধ্যে রস সংগ্রহ করে গুড় উৎপাদন শুরু করেছেন। খেজুরের রস ও গুড়ের উৎপাদন এবং বিপণন বাড়াতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
