ধনীর চেয়ে গরীরের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি

গবেষণায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয় ও ব্যয় জরিপ ২০২২-এর তথ্য ব্যবহার করা হয়েছে। এতে ব্যক্তিগত আয়কর, অভ্যন্তরীণ ভ্যাট, কর পরিপালন এবং ব্যক্তিগত সম্পদের বণ্টন বিশ্লেষণ করা হয়। গবেষণায় আরও বলা হয়েছে, ২০২৩ সালে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত ছিল ৭ দশমিক ৩ শতাংশ, যা এ অঞ্চলের দেশগুলোর মধ্যে অন্যতম সর্বনিম্ন।

দেশের মোট ব্যক্তিগত সম্পদের ৪৭ শতাংশের বেশি রয়েছে শীর্ষ ১ শতাংশ পরিবারের হাতে। অন্যদিকে, ব্যক্তিগত আয়কর থেকে সম্ভাব্য রাজস্বের তুলনায় আদায় হচ্ছে এক-পঞ্চমাংশেরও কম। একই সঙ্গে আয়ের অনুপাতে ভ্যাটের বোঝা বেশি বহন করতে হচ্ছে দরিদ্র পরিবারগুলোকে। বিশেষ করে গ্রামীণ দরিদ্র পরিবারের ওপর এ চাপ শহরের দরিদ্র পরিবারের তুলনায় বেশি। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে।

‘মিসিং রেভিনিউস ইন বাংলাদেশ: ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকোয়েন্সেস’ শীর্ষক গবেষণাটি ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস) বাংলাদেশের সহায়তায় পরিচালিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) গবেষণার ফলাফল প্রকাশ ও আলোচনা অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। গবেষণার ফলাফল ও নীতিগত সুপারিশ উপস্থাপন করেন র‍্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক।

গবেষণায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয় ও ব্যয় জরিপ ২০২২-এর তথ্য ব্যবহার করা হয়েছে। এতে ব্যক্তিগত আয়কর, অভ্যন্তরীণ ভ্যাট, কর পরিপালন এবং ব্যক্তিগত সম্পদের বণ্টন বিশ্লেষণ করা হয়। গবেষণায় আরও বলা হয়েছে, ২০২৩ সালে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত ছিল ৭ দশমিক ৩ শতাংশ, যা এ অঞ্চলের দেশগুলোর মধ্যে অন্যতম সর্বনিম্ন।

গবেষণায় দেখা গেছে, ২০২১-২২ অর্থবছরে ব্যক্তিগত আয়কর থেকে সম্ভাব্য রাজস্ব ছিল জিডিপির ৪ দশমিক ৮৫ শতাংশ। কিন্তু প্রকৃত আদায় হয়েছে মাত্র শূন্য দশমিক ৯৮ শতাংশ। অর্থাৎ সম্ভাব্য রাজস্বের এক-পঞ্চমাংশেরও কম আদায় হয়েছে। এ খাতে সম্ভাব্য ও প্রকৃত আদায়ের ব্যবধান ৩ দশমিক ৮৭ শতাংশ পয়েন্ট। দুর্বল কর পরিপালন ও কর প্রশাসনের সীমাবদ্ধতার কারণে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করা যাচ্ছে না বলে মনে করছেন গবেষকেরা।

ব্যক্তিগত আয়করের সম্ভাব্য রাজস্বের বড় অংশ আসার কথা উচ্চ আয়ের পরিবারগুলো থেকে। দেশের সর্বোচ্চ আয়ের ১০ শতাংশ পরিবার মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি অর্জন করে। প্রচলিত করহার অনুযায়ী, সম্ভাব্য ব্যক্তিগত আয়করের ৯৩ শতাংশের বেশি আসার কথা এই পরিবারগুলোর কাছ থেকে। অন্যদিকে, সবচেয়ে নিচের ৭০ শতাংশ পরিবারের ব্যক্তিগত আয়কর দেয়ার কার্যকর কোনো দায় নেই। ফলে নিম্ন আয়ের মানুষের পরিবর্তে কর দেয়ার সক্ষমতা থাকা উচ্চ আয়ের পরিবারগুলোকে করের আওতায় আনার সুযোগ বেশি।

ভ্যাটের বোঝার ক্ষেত্রেও বড় বৈষম্য রয়েছে। গবেষণার হিসাবে, দরিদ্রতম ১০ শতাংশ পরিবার তাদের ঘোষিত আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশের সমপরিমাণ ভ্যাট বহন করে। ধনীতম ১০ শতাংশ পরিবারের ক্ষেত্রে এ হার মাত্র ২ দশমিক ৮ শতাংশ। গ্রামীণ দরিদ্র পরিবারগুলোর ওপর ভ্যাটের চাপ আরও বেশি। গ্রামের দরিদ্রতম ১০ শতাংশ পরিবার তাদের ঘোষিত আয়ের ২৩ শতাংশের বেশি ভ্যাট বহন করে। শহরের একই আয়শ্রেণির পরিবারের ক্ষেত্রে এ হার প্রায় ১৬ দশমিক ৫ শতাংশ। গবেষকদের মতে, করব্যবস্থা সংস্কারের সময় নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর ওপর ভ্যাটের প্রভাব বিবেচনায় নিতে হবে।

সম্পদ বণ্টনের চিত্রেও বড় বৈষম্য দেখা গেছে। শীর্ষ ১০ শতাংশ সম্পদশালী পরিবারের হাতে দেশের মোট ব্যক্তিগত সম্পদের ৭৬ শতাংশের বেশি রয়েছে। শুধু শীর্ষ ১ শতাংশ পরিবারের হাতে রয়েছে ৪৭ শতাংশের বেশি সম্পদ। শহরাঞ্চলে শীর্ষ ১ শতাংশ পরিবারের হাতে মোট ব্যক্তিগত সম্পদের ৫৩ শতাংশের বেশি কেন্দ্রীভূত। পরিবারের জমি, বাড়ি, আর্থিক সম্পদ ও অন্যান্য সম্পদের মূল্য বিবেচনায় নিয়ে এ হিসাব করা হয়েছে। তবে বিশ্ব বৈষম্য প্রতিবেদন ২০২৬-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশের শীর্ষ ১ শতাংশ জনগোষ্ঠীর হাতে মোট সম্পদের ২৪ শতাংশ রয়েছে।

গবেষকদের মতে, সম্পদের এমন কেন্দ্রীভবন সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যকে প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থায়ী করার ঝুঁকি তৈরি করে। এ পরিস্থিতিতে বড় সম্পদের ওপর উত্তরাধিকার কর চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার সুপারিশ করেছেন তারা। তবে সাধারণ পরিবারের উত্তরাধিকার সুরক্ষিত রাখতে উচ্চ সম্পদের ক্ষেত্রে করমুক্ত সীমা বেশি রাখা এবং সম্পদের পরিমাণ অনুযায়ী প্রগতিশীল করহার নির্ধারণের কথা বলা হয়েছে।

গবেষণাটির নেতৃত্ব দেন র‍্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক। সহগবেষক ছিলেন সংস্থাটির গবেষণা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. দীন ইসলাম এবং জ্যেষ্ঠ গবেষণা সহযোগী তৌসিন রিফাত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বাস্তবায়ন ও তথ্যপ্রযুক্তি বিভাগের সদস্য সৈয়দ মুশফিকুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে এফইএসের বাংলাদেশ আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গার্ডেস, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা, এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ এবং র‍্যাপিডের নির্বাহী পরিচালক ড. এম আবু ইউসুফসহ অন্যরা উপস্থিত ছিলেন।