বহুজাতিক কোম্পানির ওপর ১৫% ন্যূনতম কর চালু করছে সৌদি

বৃহৎ বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে অভ্যন্তরীণ ন্যূনতম টপ-আপ কর (ডিএমটিটি) চালু করতে যাচ্ছে সৌদি আরব। এর মাধ্যমে দেশটিতে যোগ্য বহুজাতিক গ্রুপগুলোর অর্জিত মুনাফার ওপর কার্যকর করের হার অন্তত ১৫ শতাংশ নিশ্চিত করা হবে। সৌদি আরবের জাকাত, ট্যাক্স এবং কাস্টমস কর্তৃপক্ষ (জাটকা) জানিয়েছে, দেশের কর রাজস্ব সুরক্ষা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন এই কর কেবল সেই সব বহুজাতিক গ্রুপের প্রতিষ্ঠানের ওপর প্রযোজ্য হবে, যাদের বার্ষিক সমন্বিত রাজস্ব পূর্ববর্তী চার অর্থবছরের মধ্যে অন্তত দুটি বছরে ৭৫ কোটি ইউরো বা সমপরিমাণ সৌদি রিয়াল ছিল। তবে আন্তর্জাতিক কার্যক্রমহীন সম্পূর্ণ দেশীয় কোম্পানিগুলো এই করের বাইরে থাকবে। জাটকা স্পষ্ট করেছে, ১৫ শতাংশ করের হার কোম্পানির মোট রাজস্বের ওপর নয়, বরং মুনাফার কার্যকর করের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কোনো প্রতিষ্ঠানের করহার এর নিচে নামলে অতিরিক্ত কর আদায় করা হবে।

ওইসিডি ও জি-২০-এর বৈশ্বিক কর চুক্তির ‘পিলার টু’-এর আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে বহুজাতিক কোম্পানিগুলো কম করহারের দেশে মুনাফা সরিয়ে নিতে না পারে এবং সৌদি সরকার স্থানীয়ভাবে অর্জিত মুনাফার কর নিজেই সংগ্রহ করতে পারে। এ বিষয়ে ব্যাখ্যার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জাটকার দাপ্তরিক মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে।