বন্ডের কাপড় খোলাবাজারে বিক্রি, ৭৫ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা

বিকেসি সুয়েটার লিমিটেড

বন্ড সুবিধায় আমদানি করা কাপড় খোলাবাজারে বিক্রি করে দেওয়া হয়েছে। শুল্ককর ফাঁকি থেকে বাঁচতে দেখানো হচ্ছে ভুয়া রপ্তানি, যাতে রাজস্ব ফাঁকি হতো প্রায় ৭৫ লাখ টাকা। গাজীপুর সদর এলাকার বিকেসি সুয়েটার লিমিটেড নামে একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান বন্ডের এই অনিয়ম ও শুল্ককর ফাঁকির চেষ্টা করেছে। আইসিডি চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা এই ভুয়া রপ্তানি ও রাজস্ব ফাঁকি উদ্ঘাটন করেছে। বুধবার (২৫ নভেম্বর) এনবিআর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্যের পরিবর্তে স্থানীয়ভাবে সংগৃহীত পণ্য রপ্তানির অপচেষ্টায় প্রায় ৭৫ লাখ টাকার রাজস্ব ফাঁকির ঘটনা উদ্ঘাটিত হয়েছে। কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রামের প্রিভেন্টিভ টিমের কাছে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের পোর্টলিংক লজিস্টিকস সেন্টার লিমিটেড নামক অফডকে একটি রপ্তানি পণ্যচালানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাজীপুর সদর এলাকার রপ্তানিকারক প্রতিষ্ঠান বি কে সি সুয়েটার লিমিটেডের জেনারেল বন্ডের বিপরীতে বিল অব এক্সপোর্ট নং সি-৭৭৯০৯৪, তারিখ-২৩/১১/২০২৬ এর আওতাধীন রপ্তানি পণ্যচালানটি সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট ও অফডক কর্তৃপক্ষের প্রতিনিধির উপস্থিতিতে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। কায়িক পরীক্ষায় পণ্যচালানটির ঘোষিত ৩ ধরনের পণ্য ঘোষণা দেওয়া হয়। যার মধ্যে রয়েছে-লেডিস, মেন্স ও সুয়েটার ৩৯ হাজার ৩৭৯ পিস; লেডিস স্কিট ৪৫৮ পিস; লেডিস প্যান্ট ১৭১ পিস। কিন্তু ঘোষিত এসব পণ্যের পরিবর্তে চালানটিতে সম্পূর্ণ ভিন্ন ও ঘোষণা বহির্ভূত ৪০ হাজার ৮ পিস বিভিন্ন ধরনের স্টকলটের তৈরি পোশাক পাওয়া যায়। আলোচ্য পণ্যচালানটির ঘোষিত মূল্য ছিল ৫২ হাজার ১০ মার্কিন ডলার এবং এর গন্তব্যস্থল ছিল লেবানন (যদিও ইউডিতে বর্ণিত নোটিফাই পার্টি বেলজিয়াম)।
BKC Sweater 1
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, রপ্তানিকারক প্রতিষ্ঠানটির বন্ড সুবিধার আওতায় ইউটিলাইজেশন ডিক্লারেশনের (ইউডি নং- ২৬/৩৬৩১/০১০ তারিখ: ৯/৩/২০২৬) অধীনে আমদানি করা কাঁচামাল ছিলো-৬০% অরগানিক কটন ৪০% নাইলন, ৭৫% পলিস্টার ২৫% রিসাইক্লিন পলিস্টার, ১০০% নাইলন ফেদার এবং বন্ড সুবিধায় আমদানি করা এক্সেসরিজ (রাপিড, মেটাল জিপার, টান্সপারেন্ট রবার লেবেল, ইন্টিগ্রেটেড সিকিউরিটি লেবেল)। প্রতিষ্ঠানটি বন্ড সুবিধার এসব কাপড় ও এক্সেসরিজ অবৈধভাবে অপসারণ করে খোলাবাজারে বিক্রি করে দিয়েছে বলে জানা গেছে। অর্থাৎ বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত ঘোষিত পণ্য রপ্তানি না করে ভিন্ন উৎসের ও ভিন্ন প্রকৃতির পণ্য (স্থানীয়ভাবে সংগৃহীত স্টকলটের তৈরি পোশাক) রপ্তানির চেষ্টা করা হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনাকে বন্ড সুবিধার অপব্যবহার এবং শুল্ককর ফাঁকির অপচেষ্টা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় সরকারের আনুমানিক ৭০ লাখ টাকার শুল্ক ফাঁকি এবং ৪ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকার মূসক ফাঁকির বিষয়টি উদ্ঘাটিত হয়েছে। উদ্ঘাটিত অনিয়মের বিষয়ে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রাম কর্তৃক চূড়ান্ত প্রতিবেদন প্রণয়ন এবং সংশ্লিষ্ট রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ চলমান রয়েছে।