নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর বুলেট বৈরাগী নামে এক সহকারী রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি হোটেলের পাশে ফুটপাত থেকে এই কর্মকর্তার লাশ উদ্ধার করেছেন। এর আগে বুলেট বৈরাগী চট্টগ্রাম কাস্টমস ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে প্রশিক্ষণ শেষে ঢাকায় ফেরার পথে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় পৌঁছানোর পর নিখোঁজ হয়েছেন। তিনি কুমিল্লা ভ্যাট কমিশনারেটে কর্মরত।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন জানিয়েছেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আইরিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে দুপুর ১টার দিকে পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহটি বুলেট বৈরাগীর বলে শনাক্ত করেন।

পরিবার সূত্রে জানা গেছে, বুলেট বৈরাগী ১১ এপ্রিল ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণ নিতে চট্টগ্রাম কাস্টমস ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে গিয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে প্রশিক্ষণ শেষে তিনি চট্টগ্রামের অলংকার মোড় থেকে বাসে করে ঢাকার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে পরিবারের সঙ্গে মোবাইল ফোনে তার কথা হয়। সর্বশেষ ২৫ এপ্রিল রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে তিনি ফোনে জানান যে, তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে কল দিলে সেটি বন্ধ পান। এরপর সম্ভাব্য সব স্থানে ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাওয়া যায়নি। একমাত্র ছেলের কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়।

বুলেট বৈরাগীর বাবা সুশীল বৈরাগী জানিয়েছেন, ছেলের সঙ্গে সর্বশেষ কথা হওয়ার সময় সে টমছমব্রিজে ছিল। এরপর থেকে তার ফোন বন্ধ। আমরা আত্মীয়স্বজনসহ সব জায়গায় খুঁজেছি। কোনো উপায় না পেয়ে কুমিল্লার কোতোয়ালি থানায় অভিযোগ করেছি।
কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানিয়েছেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং নিখোঁজ সরকারি কর্মকর্তার অবস্থান শনাক্ত করতে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
