ভোলার দৌলতখানে অবৈধভাবে মজুত করা প্রায় চার হাজার লিটার জ্বালানি তেল ও ভেজাল ভোজ্য তেল জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২৪ এপ্রিল) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, কোস্ট গার্ড বেস ভোলা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে দৌলতখানের বিউটি রোড-সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ছয়টি দোকান তল্লাশি করে অবৈধভাবে মজুত করা দুই হাজার ৮৫০ লিটার ডিজেল, পেট্রোল ও অকটেন এবং ৯০০ লিটার ভেজাল ভোজ্য তেল জব্দ করা হয়। জব্দ তেলের দাম পাঁচ লাখ ৪০ হাজার ৭৫০ টাকা।
জব্দ জ্বালানি তেল দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে বাজারমূল্যে বিক্রি এবং ভেজাল ভোজ্য তেল বিনষ্ট করার কার্যক্রম প্রক্রিয়াধীন। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির বলেন, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
