তিন মাসে প্রায় সাড়ে ১২ লাখ আয়কর রিটার্ন জমা

কর ছাড়ে প্রণোদনা

নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে কর ছাড়ের সরকারি প্রণোদনা দেওয়ার উদ্যোগে ভালো সাড়া মিলেছে। চলতি ২০২৬-২৭ করবর্ষের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন জমা পড়েছে ১২ লাখ ৫৩ হাজার। আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৭৭ শতাংশ বেশি। এ সময়ে প্রায় তিন লাখ করদাতা আগাম রিটার্ন জমা দিয়ে কর ছাড়ের সুবিধা নিয়েছেন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানায়, গত বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যক্তিশ্রেণির ৭ লাখ ৯ হাজার করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছিলেন। আর চলতি বছর একই সময়ে তা বেড়ে ১২ লাখ ৫৩ হাজারে দাঁড়িয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে প্রদেয় করের ওপর পাঁচ শতাংশ ছাড় দেওয়ার উদ্যোগ এ প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চলতি অর্থবছরের বাজেটে ঘোষিত নতুন এ ব্যবস্থায় গত ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়া ব্যক্তিশ্রেণির করদাতারা প্রদেয় করের ওপর পাঁচ শতাংশ ছাড় পেয়েছেন। তবে এ ছাড়ের পরিমাণ সর্বোচ্চ ২৫ হাজার টাকা। কর পরিশোধের সময় এ সুবিধা সরাসরি মোট কর দায় থেকে সমন্বয় করা হয়।

এ বিষয়ে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন খান বলেন, এ সুযোগ অনেক করদাতা কাজে লাগিয়েছেন। তারা ভালো অঙ্কের কর ছাড়ও পেয়েছেন। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে পর্যায়ক্রমে জরিমানার বিধান রয়েছে। ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে কোনো কর ছাড় পাওয়া যাবে না। আগামী বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে রিটার্ন জমা দিলে প্রদেয় করের দুই শতাংশ অথবা তিন হাজার টাকা—যেটি বেশি, সেই হারে জরিমানা দিতে হবে। আর ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে রিটার্ন জমা দিলে জরিমানার পরিমাণ হবে প্রদেয় করের পাঁচ শতাংশ অথবা পাঁচ হাজার টাকা—যেটি বেশি।