ঢাকায় শুরু হচ্ছে তিন দিনের কার এক্সপো

বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের পথচলা উদযাপন এবং রিকন্ডিশন্ড গাড়ির বাজারকে আরও গতিশীল করতে আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে ‘বারভিডা কার এক্সপো ২০২৬’। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ৭ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) এ আয়োজন করছে। শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে প্রদর্শনীর সার্বিক বিষয় তুলে ধরেন সংগঠনটির মহাসচিব রিয়াজ রহমান। এ সময় উপস্থিত ছিলেন বারভিডার ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীতে জাপানের জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের রিকন্ডিশন্ড গাড়ি তুলে ধরা হবে। একই ছাদের নিচে বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি দেখার পাশাপাশি মডেল, বৈশিষ্ট্য, প্রযুক্তি ও দাম তুলনা করতে পারবেন দর্শনার্থীরা। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী। এতে প্রবেশের জন্য কোনো ফি দিতে হবে না।

রিয়াজ রহমান বলেন, প্রদর্শনীতে টয়োটা প্রিয়াস, করোলা ক্রস, হ্যারিয়ার, নোয়া, ভক্সি ও আলফার্ডসহ জাপানের জনপ্রিয় বিভিন্ন মডেলের গাড়ি থাকবে। এর মাধ্যমে ক্রেতারা নিজেদের বাজেট ও পছন্দ অনুযায়ী গাড়ি বেছে নেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রস্তাবিত দাম যাচাই করতে পারবেন। তিনি বলেন, আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের পথচলা নিয়ে বিশেষ ঐতিহাসিক প্রদর্শনী। এতে দেশে জাপানি গাড়ির আগমন, বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় মডেল, গাড়ির প্রযুক্তির বিবর্তন এবং দেশের পরিবহন খাতে জাপানি গাড়ির অবদান তুলে ধরা হবে। পুরোনো দিনের গাড়ির ছবি থেকে শুরু করে আধুনিক হাইব্রিড ও উন্নত প্রযুক্তির গাড়ির বিবর্তনও স্থান পাবে এতে।

রিয়াজ রহমান আরও বলেন, দেশের অর্থনীতিতে রিকন্ডিশন্ড গাড়ি খাতের অবদান শুধু আমদানি ও বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। এ খাতের সঙ্গে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি, বিনিয়োগ, প্রযুক্তির বিকাশ, ব্যবসা-বাণিজ্য ও সরকারের রাজস্ব আয় জড়িত। তাই প্রদর্শনীর মাধ্যমে খাতটির অর্থনৈতিক গুরুত্বও তুলে ধরতে চায় বারভিডা। তিনি জানান, জাপানি রিকন্ডিশন্ড গাড়ির বাজারকে আরও জনপ্রিয় ও গতিশীল করা, ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং গাড়ির গুণগত মান, নির্ভরযোগ্যতা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা তৈরি করা এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

প্রদর্শনীতে গাড়িপ্রেমী, সম্ভাব্য ক্রেতা, ব্যবসায়ী, পেশাজীবী, পরিবার ও গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক সংগঠনটি। রিয়াজ রহমান বলেন, যারা গাড়ি কেনার পরিকল্পনা করছেন, বিভিন্ন মডেল ও দাম তুলনা করতে চান কিংবা বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী, তাদের জন্য এ আয়োজন বিশেষ সুযোগ তৈরি করবে।