প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিতে হবে। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেছেন সরকারপ্রধান।
এই অভিযান নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আগামী তিন মাস ডেঙ্গু সমস্যা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করা হবে। শতভাগ সমাধান সম্ভব না হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ‘দেশের পরিবর্তন আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবাই মিলে দেশ গঠন করতে চাইলে কোনো বাধাই তা ঠেকিয়ে রাখতে পারবে না’, দেশবাসীর উদ্দেশ্যে বলছিলেন প্রধানমন্ত্রী।
এদিন সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান। আগামী তিন মাস ডেঙ্গু প্রতিরোধের জন্য অত্যন্ত সংবেদনশীল সময় হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজ ১২ সেপ্টেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তরুণেরাই পারে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে। যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, পরিচ্ছন্ন দেশ গড়তে প্রত্যেক নাগরিকের ভূমিকা রয়েছে।
