শাহজালালে ৫ যাত্রীর ব্যাগে মিলল ২৪ লিটার মদ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একই ফ্লাইটের পাঁচ যাত্রীর ব্যাগ তল্লাশি করে ২৪ লিটার বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল। শুক্রবার (১১ সেপ্টেম্বর) মুম্বাই থেকে ঢাকাগামী এয়ার ইন্ডিয়ার AI2183 ফ্লাইটে আসা এসব যাত্রীর ব্যাগ থেকে লিকারগুলো উদ্ধার করা হয়। আটক মদের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের এয়ারপোর্ট সি-শিফটের কর্মকর্তারা জানান, মহাপরিচালকের কাছে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটিতে বিশেষ নজরদারি চালানো হয়। ফ্লাইটটি সকাল ১০টা ৫৬ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ইমিগ্রেশন ও ব্যাগেজ সংগ্রহ শেষে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় সন্দেহভাজন যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করা হয়।

তল্লাশিতে কাসেমের ব্যাগ থেকে ৬ লিটার, এমডি মামুনের ব্যাগ থেকে ১২ লিটার, তপনের ব্যাগ থেকে ৩ লিটার, ফয়সাল মিয়ার ব্যাগ থেকে ২ লিটার এবং সামসুল আলম পলাশের ব্যাগ থেকে ১ লিটার লিকার পাওয়া যায়। পরে কাস্টমস বিধি অনুযায়ী মোট ২৪ লিটার লিকার আটক করা হয়।

একই রুট ও একই ফ্লাইটের একাধিক যাত্রীর মাধ্যমে লিকার বহনের ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না এবং যাত্রীদের কেউ এ কাজে ব্যবহার করেছে কি না, তা খতিয়ে দেখতে বিশেষ তদন্ত দল কাজ করছে।