গেইট পাসের ফি নিয়ে সংঘর্ষ, কনটেইনার ডেলিভারি বন্ধ

চট্টগ্রাম বন্দর

গেইট পাস ফি আদায়ে অতিরিক্ত টাকা দাবি করাকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দরে নিরাপত্তাকর্মী ও ট্রেইলার শ্রমিক সংগঠনের এক নেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর জেরে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে বন্দর দিয়ে সব ধরনের কনটেইনার পরিবহন ও ডেলিভারি কার্যক্রম বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। সংঘর্ষে বন্দরের নিরাপত্তাকর্মী আশিকুর রহমানসহ অন্তত দুজন আহত হয়েছেন। শ্রমিক সূত্র জানায়, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, বন্দরে প্রবেশের গেইট পাস ফি নিয়ে মূলত বিরোধের সূত্রপাত হয়। প্রাইম মুভার অ্যান্ড ট্রেইলার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান বলেন, ‘একটি গেইট পাসের সরকারি ফি ৫৭ টাকা হলেও শ্রমিকদের কাছ থেকে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল। ট্রেইলার শ্রমিক সমিতির কোষাধ্যক্ষ মোক্তার হোসেন অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদ করলে বন্দরের নিরাপত্তা কর্মীরা তাকে লাঞ্ছিত ও মারধর করেন।’

ঘটনার বিস্তারিত তুলে ধরে সেলিম খান আরও বলেন, ‘এ ঘটনার পর আমরা বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানাই। তারা এসে বিষয়টি সমাধানের প্রস্তাব দেন। পরবর্তীতে আমরা সবাই যখন ৪ নম্বর গেইটে যাই, সেখানে আবারও বাগ্‌বিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর পর পরই পরিবহন শ্রমিকরা একত্রিত হয়ে বন্দরে সব ধরনের কনটেইনার ডেলিভারি ও পরিবহন কাজ বন্ধ করে দেন।’

বন্দর ব্যবহারকারীদের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন গড়ে অন্তত ৫ হাজার টিইইউস কনটেইনার খালাস ও সরবরাহ করা হয়। জাহাজ থেকে নামানোর পর এসব কনটেইনার ট্রেইলার, ট্রাক ও কাভার্ডভ্যানে করে দেশের বিভিন্ন গন্তব্যে পাঠানো হয়। হঠাৎ বিকেল থেকে পরিবহন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বন্দর থেকে পণ্য পরিবহনে বড় ধরনের অচলাবস্থা ও ব্যাঘাত সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রিফায়েত হামিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মুঠোফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।