সৌদি আরবে এ বছর পবিত্র হজে অংশ নিয়েছেন মোট ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন মুসল্লি। এর মধ্যে সৌদি আরবের বাইরে থেকে ১৬৫টি দেশ থেকে গেছেন ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন হজযাত্রী। এছাড়া সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসকারী মিলিয়ে রয়েছেন ১ লাখ ৬০ হাজার ৬৪৬ জন। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট। তুলনামূলকভাবে ২০২৫ সালে হজে অংশ নিয়েছিলেন ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন মুসল্লি।
সৌদি আরবের জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকসের তথ্য অনুযায়ী, সৌদি আরব ও অন্যান্য দেশ থেকে এবার হজ পালনকারীদের মধ্যে ৮ লাখ ৯৩ হাজার ৩৯৬ জন পুরুষ; আর নারী হাজির সংখ্যা ৮ লাখ ১৩ হাজার ৯০৫ জন। অন্যান্য দেশ থেকে সৌদিতে আসা হজযাত্রীদের মধ্যে ১৪ লাখ ৮৫ হাজার ৭২৯ জন আকাশপথে, ৫৪ হাজার ৪২৯ জন স্থলপথে এবং ৬ হাজার ৪৯৭ জন সমুদ্রপথে এসেছেন। এবার দায়িত্ব পালন করা হজকর্মীর সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ৪৯ জন এবং বিভিন্ন খাতে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন ২৬ হাজার ৭০১ জন।
সৌদি আরবের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া প্রশাসনিক নথির ভিত্তিতে হজযাত্রীদের এই পরিসংখ্যান প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ জন এবং ইরান থেকে প্রায় ৩০ হাজার হজযাত্রী সৌদি আরবে গেছেন। কর্তৃপক্ষের মতে, হজ ব্যবস্থাপনা আরও সহজ ও আধুনিক করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ, প্রবেশপথে অবকাঠামো সম্প্রসারণ এবং সেবার মানোন্নয়নের ফলে এবার হাজিদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বৈশ্বিক ও আঞ্চলিক নানা পরিবর্তনের মধ্যেও মুসলমানদের হজের প্রতি আগ্রহ অব্যাহত রয়েছে। এছাড়া ডিজিটাল সেবার সম্প্রসারণ, উন্নত জনসমাগম নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নিরাপত্তা, স্বাস্থ্য ও লজিস্টিক খাতের সমন্বিত কার্যক্রম এবারের হজ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করেছে।
