আইশ্বিন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আইশ্বিন ফুডস লিমিটেডের কারখানায় সমন্বিত মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২০ জুলাই) কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান চলাকালে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩২(ক) ও ৩৮ ধারা অনুযায়ী এ দণ্ড দেওয়া হয় এবং অধিকতর পরীক্ষার জন্য খাদ্য নমুনা সংগ্রহ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

অভিযানে পাওয়া অনিয়ম

১) খাদ্য পণ্যের লেবেলিং-এ সঠিক তথ্য না দেওয়া এবং খাদ্য উপকরণের অসম্পূর্ণ তথ্য প্রদান।

২) খাদ্য সংযোজন দ্রব্য গুলোর সংরক্ষণ পদ্ধতি এবং লেবেলিং সঠিকভাবে না থাকা।

৩) ব্রেডের মেয়াদ ৩০ দিন দেওয়া হলেও তাদের সেলফ লাইফ স্টাডিসহ খাদ্য পণ্যের কোনো ল্যাব পরীক্ষার প্রমাণ দিতে না পারা।

৪) সব খাদ্য পণ্য ঢেকে না রাখা এবং কারখানার ভেতরে মাছির উপস্থিতি।

৫) খাদ্য সংযোজন দ্রব্যের যথাযথ ম্যাটেরিয়াল ডাটা সেফটি শিট এবং সার্টিফিকেট অব অ্যানালাইসিস কারখানায় সংরক্ষণ না করা৷

৬) খাদ্য উৎপাদনে সংযোজন দ্রব্যের সঠিক পরিমাণে ব্যবহারের প্রমাণ দেখাতে না পারা৷

৭) সব খাদ্যপণ্যের চালান, ক্রয় রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করা।