জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৬-২০২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিলের সেবা চালু করেছে। বুধবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। নতুন করবর্ষে অধিকাংশ ব্যক্তিগত করদাতার জন্য অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে বলে এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এনবিআর জানায়, করসেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ই-রিটার্ন ব্যবস্থা আরও সম্প্রসারণ করা হয়েছে। ২০২১ সালে চালুর পর থেকে এ ব্যবস্থা করদাতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সর্বশেষ ২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন। ফলে ঘরে বসেই রিটার্ন প্রস্তুত, জমা, কর পরিশোধ এবং তাৎক্ষণিকভাবে আয়কর সনদ সংগ্রহ করা সম্ভব হচ্ছে।
নতুন বিধান অনুযায়ী, সাধারণভাবে সব ব্যক্তি করদাতার জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রয়োজনীয় সনদসহ), বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা চাইলে কাগজে রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়া প্রযুক্তিগত বা নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে কেউ অনলাইনে রিটার্ন দিতে না পারলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমতি নিয়ে কাগজে রিটার্ন দাখিলের সুযোগ থাকবে।
এনবিআর জানিয়েছে, তাদের ই-ট্যাক্স প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ডের পাশাপাশি বিকাশ, রকেট ও নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে সহজেই অনলাইনে কর পরিশোধ করা যাবে। রিটার্ন দাখিলের সঙ্গে সঙ্গেই করদাতারা প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন। করদাতাদের উৎসাহ দিতে নতুন করবর্ষে প্রণোদনা চালু করা হয়েছে—জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে নেট প্রদেয় করের ওপর ৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে, যার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা। তবে সেপ্টেম্বরের পর এ সুবিধা প্রযোজ্য হবে না এবং ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।
ই-রিটার্ন সংক্রান্ত কোনো জটিলতা হলে সরকারি কর্মদিবসে এনবিআরের কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১) এবং অন্যান্য অনলাইন মাধ্যমে সহায়তা পাওয়া যাবে। রাজস্ব আহরণ বাড়ানো, করদাতাদের স্বেচ্ছা পরিপালন বৃদ্ধি এবং কর প্রশাসনের ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে এনবিআর সময়মতো অনলাইনে রিটার্ন দাখিলের জন্য সব করদাতার প্রতি আহ্বান জানিয়েছে।
